বুধবার, নভেম্বর ১১, ২০২৬

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

  • নিজস্ব প্রতিবেদক |
  • ২০২৬-১১-১০ ১০:১৬:৪২
ছবি: সংগৃহীত।

সকালের আলো ডট কম
শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্ক অবস্থানে থেকে টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল সক্রিয় রাখা হয়েছে। সেখান থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
নজরদারি কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে ধারণ করা সরাসরি ভিডিও ফুটেজ ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।
বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে তাদের টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
শিল্পাঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে নিরাপত্তা কার্যক্রম জোরদার রাখা হয়েছে।

শিল্পাঞ্চলেনিরাপত্তা,বিজিবিমোতায়েন, BGBDeployment, ঢাকাগাজীপুরনারায়ণগঞ্জ, শ্রমিকনিরাপত্তা


এ জাতীয় আরো খবর