চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কাঁচা পাট বোঝাই একটি ট্রাক্টর-ট্রলি উল্টে পাটের নীচে চাপা পড়ে জগন্ন্থা কর্মকার নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,সোমবার(২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্যামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চামাবাজার এলাকায় ঘটনাটি ঘটে। বাড়ির নিকট সড়কের ধারে খেলা করছিল জগন্নাথ। এ সময় পাশের সড়ক দিয়ে যাওয়া ট্রাক্টর-ট্রলিটি উল্টে গেলে ট্রলিভর্তি পাটের বোঝার নীচে চাপা পড়ে জগন্ন্থা। স্থানীয় ও স্বজনরা দ্রুত পাট সরিয়ে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রলি চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি আটক করে ইউনিয়ন পরিষদে রাখা হয়।
সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম এবং ইউপি সদস্য ইউসুফ আলী বলেন, সড়কে বাঁক ঘুরতে যেয়ে ট্রাক্টর-ট্রলিটি উল্টে গিয়ে বিপুল পরিমান পাটের নীচে চাপা পড়ে জগন্নাথ।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহে তেমন কোন ক্ষত নেই। শিশুটি দম বন্ধ হয়ে মারা যেয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন চিকিৎসক। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।