রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চলে গেলেন ইন্টার মিলান কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৯-১৯ ২০:৫৮:৩৮
ফাইল ছবি

ইতালিয়ান ফুটবল ও ইন্টার মিলানের কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা আর নেই। ৮৩ বছর বয়সে মারা গেছেন সাবেক এই তারকা ফুটবলার।
মাজ্জোলার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইন্টার মিলান। ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, মাজ্জোলা শুধু ইন্টার মিলানের ইতিহাসের অংশ নন, তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। শৈশবে ইন্টারে যোগ দেওয়ার পর পুরো পেশাদার ক্যারিয়ারেই ক্লাবটির সঙ্গে ছিলেন তিনি। ক্লাবটির ভাষায়, মাজ্জোলা ছিলেন ইন্টারের আত্মার প্রতিচ্ছবি।
১৭ বছরের পেশাদার ক্যারিয়ারে ইন্টার মিলানের হয়েই খেলেছেন মাজ্জোলা। ক্লাবটির জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ৫৬৫টি, গোল করেছেন ১৫৮টি।
ইন্টারের হয়ে চারবার লিগ শিরোপা জয়ের পাশাপাশি দুবার ইউরোপিয়ান কাপ ও দুবার ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছেন তিনি। ক্লাবটির ইতিহাসের সাফল্যময় সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন মাজ্জোলা।
ইতালির জাতীয় দলেও দীর্ঘ সময় প্রতিনিধিত্ব করেছেন এই কিংবদন্তি। ১৯৬৩ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ৭০ ম্যাচে ২২ গোল করেন তিনি।
১৯৬৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী ইতালি দলের সদস্য ছিলেন মাজ্জোলা। ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে রানার্সআপ হওয়া দলেও ছিলেন তিনি। এ ছাড়া ১৯৬৬ ও ১৯৭৪ সালের বিশ্বকাপেও ইতালির হয়ে খেলেছেন এই ফরোয়ার্ড।
ইন্টার মিলানের হয়ে দীর্ঘ ক্যারিয়ার ও ইতালির জাতীয় দলের গুরুত্বপূর্ণ অর্জনের মধ্য দিয়ে মাজ্জোলা ইতালিয়ান ফুটবলের ইতিহাসে স্থায়ী জায়গা করে নেন।

সান্দ্রো মাজ্জোলা, ইন্টার মিলান, ইতালিয়ান ফুটবল


এ জাতীয় আরো খবর