প্রবীণ সাংবাদিক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান বার্তা সম্পাদক আমীরুল মোমেনীন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
আমীরুল মোমেনীন দীর্ঘ তিন যুগের বেশি সময় সাংবাদিকতা করেছেন। তিনি বাসসের প্রধান বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দৈনিক খবরের জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন। সাংবাদিকদের সংগঠন অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন।
বাগেরহাট জেলার কৃতি সন্তানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকা।
এক শোকবার্তায় সংগঠনের সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক নাসির আহমাদ রাসেল বলেন, আমীরুল মোমেনীনের মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ ও প্রবীণ সহকর্মীকে হারাল। সাংবাদিকতা পেশায় তাঁর দীর্ঘ কর্মজীবন এবং সাংবাদিকদের অধিকার ও কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তাঁরা আমীরুল মোমেনীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।