মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বাড়ছে তেলের দাম,ব্রেন্ট ছাড়াল ১০৭ ডলার

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৯-১৪ ১১:৩৮:২২
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এর প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের বাজারে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়ে গেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নভেম্বর সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অক্টোবর সরবরাহের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে গত সপ্তাহেই দুই ধরনের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা অতিক্রম করেছিল। সোমবারও সেই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
বাজার বিশ্লেষণে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতিকে তেলের দামের এই বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথগুলোতে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ড্রোন হামলার পর সৌদি আরব সাময়িকভাবে দেশটির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে। এর পাশাপাশি রোববার হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক থাকলেও বর্তমানে জলপথটি ব্যবহারকারী জাহাজগুলোকে ইরানের কাছ থেকে আগে অনুমতি নেওয়ার শর্ত দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রণালী ব্যবহারের জন্য সেবামূল্য বা ব্যবহারের মাশুল চালুর বিষয়ও ইরান বিবেচনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানের এসব শর্ত মেনে না চলা জাহাজগুলো হামলার ঝুঁকিতে পড়ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। অন্যদিকে হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাও অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে ইরানের উপকূলীয় এলাকায় যুক্তরাষ্ট্রের হামলার ঘটনাও ঘটছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হলেও ওমান সেই আলোচনা পিছিয়ে দিয়েছে।
বিশ্বের সমুদ্রপথে পরিবহন করা বিপুল পরিমাণ অপরিশোধিত তেল হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। ফলে এই জলপথে জাহাজ চলাচল দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ কমে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

তেলের দাম, হরমুজ প্রণালী, মধ্যপ্রাচ্য


এ জাতীয় আরো খবর