চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডিঙ্গি নৌকার উপর বজ্রপাতে সাহেব আলী(২৬) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি মনাকষা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তারাপুর ঠুঠাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার(৮ আগষ্ট) দুপুর ২টার দিকে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে জমি থেকে পাটকেটে পাঠকাঠির বোঝা নিয়ে বাড়ি ফেরার পথে বন্যার পানি ঢুকে পড়া একটি খাল ডিঙ্গি নৌকায় পার হবার সময় বজ্রপাত হলে পানিতে পড়ে যান সাহেব আলী। প্রায় সাথে সাথে আশপশের লোকজন তাঁকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন,বজ্রপাতে সাহেব আলী ঘটনাস্থলেই মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।