শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

সাতক্ষীরার আশাশুনিতে জেলা পরিষদের পুকুর দখলমুক্ত করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৬-০৯-০২ ২০:২১:৩০

সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি থানার পাশে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সাতক্ষীরা জেলা পরিষদের একটি পুকুর দখলমুক্ত করে জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিবের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার জেলা পরিষদের প্রশাসকের উপস্থিতিতে দখলদার আব্দুস সবুর জেলা পরিষদের মালিকানার সকল কাগজপত্র যাচাই-বাছাই শেষে স্বেচ্ছায় পুকুরটি প্রশাসনের কাছে বুঝিয়ে দেন। পুকুর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং জেলা পরিষদের সার্ভেয়ার আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। জেলা পরিষদের সার্ভেয়ার আল আমিন জানান, ৫৫ শতক জমির ওপর অবস্থিত এই পুকুরটি প্রায় ২০ থেকে ২৫ বছর ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। জেলা পরিষদের মালিকানার কাগজপত্র পর্যালোচনা করার পর দখলদার স্বেচ্ছায় পুকুরটি জেলা পরিষদের কাছে হস্তান্তর করেন। পুকুর উদ্ধার কার্যক্রম শেষে জেলা পরিষদের প্রশাসক মোঃ হাবিবুল ইসলাম হাবিব আশাশুনি শহরের আরও তিনটি পুকুর, বাজার এলাকা এবং পরিত্যক্ত ডাকবাংলো পরিদর্শন করেন। তিনি বলেন, “সরকারি জমি, পুকুর ও বিভিন্ন স্থাপনা যেখানে অবৈধ দখলে রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে দখলমুক্ত করে সরকারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। আশাশুনিতে জেলা পরিষদের পরিত্যক্ত ডাকবাংলোর স্থানে চলতি বছরই চারতলা বিশিষ্ট একটি দৃষ্টিনন্দন ডাকবাংলো নির্মাণ করা হবে। এর কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর জেলা পরিষদের সম্পত্তি দখলমুক্ত হওয়ায় সরকারি সম্পদ সংরক্ষণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 


এ জাতীয় আরো খবর