রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৫ লাখ ৬২ হাজার টাকা মূল্যের সোনার গহনাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বহির্গেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)।
বিমানবন্দর এপিবিএনের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন জানান, দুই ব্যক্তি বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করেন। পরে এপিবিএনের সদস্যরা তাদের আটক করে তল্লাশি চালান।
তল্লাশির সময় তাদের কাছ থেকে ৪৭৫ দশমিক ৬ গ্রাম, অর্থাৎ ৪০ দশমিক ৭৮ ভরি সোনার গহনা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সব গহনা ২১ ক্যারেটের। এসবের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতপরিচয় যাত্রীদের মাধ্যমে এসব সোনার গহনা বাংলাদেশে আনা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক সোনা চোরাচালানের সঙ্গে যুক্ত বলেও জিজ্ঞাসাবাদে তথ্য দিয়েছেন।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে এপিবিএনের অভিযান অব্যাহত রয়েছে। সোনা ও মাদক চোরাচালান বন্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে।
সোনা,শাহজালাল,চোরাচালান