শনিবার, আগস্ট ২৯, ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ভারতের নজর,বাংলাদেশকে ঘিরে পাকিস্তানের বার্তা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৮-২৮ ২৩:১৮:৫৬
ছবি: সংগৃহীত।

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ঘিরে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটি। পাশাপাশি বাংলাদেশ এই প্রতিরক্ষা কাঠামোয় যুক্ত হওয়ার আগ্রহ দেখালে বিষয়টি আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে বলে জানিয়েছে পাকিস্তান।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে-এমন সব বিষয় ভারত নিয়মিত পর্যবেক্ষণ করে। মক্কা প্রতিরক্ষা চুক্তি প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
এদিকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন রণধীর। রংপুরে এক শিক্ষক ও তাঁর স্ত্রী-সন্তানদের হত্যার ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিয়ে ভারত উদ্বিগ্ন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশের সরকারের বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের ইতিবাচক মনোভাব
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে এর আগে সরকারের পক্ষ থেকেও ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গতকাল জাতীয় সংসদে জানিয়েছেন, বাংলাদেশকে এই প্রতিরক্ষা ব্যবস্থায় যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হলে সরকার বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করবে।
একই ধরনের বক্তব্য দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর ভাষ্য, মধ্যপ্রাচ্যের কোনো নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হলে সরকার সেটিকে ইতিবাচকভাবে দেখবে।

বাংলাদেশের আগ্রহে আলোচনায় বসবে পাকিস্তান
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর বিষয়টি নিয়ে পাকিস্তানের অবস্থানও তুলে ধরেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি।
বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশ এই প্রতিরক্ষা কাঠামোয় যোগ দেওয়ার প্রস্তাব দিলে বা আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করে বিষয়টি বিবেচনা করা হবে।
পাকিস্তানের মুখপাত্রের ভাষ্য, মক্কা প্রতিরক্ষা চুক্তি মূলত একটি প্রতিরক্ষামূলক কাঠামো। এর উদ্দেশ্য সংশ্লিষ্ট অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা।
তিনি আরও বলেন, সময়ের সঙ্গে বিকশিত হতে থাকা এই নিরাপত্তা কাঠামোয় এমন দেশগুলো অংশ নিতে পারবে, যারা যৌথ দায়িত্ব ও নিরাপত্তার স্বার্থে অভিন্ন অঙ্গীকারে সম্মত।
তবে চুক্তিটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন তাহির আন্দ্রাবি। তাঁর বক্তব্য অনুযায়ী, কোনো দেশ আনুষ্ঠানিকভাবে এতে যুক্ত হওয়ার প্রস্তাব দিলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করে সেই আগ্রহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণের প্রসঙ্গটি এমন এক সময়ে সামনে এসেছে, যখন নতুন এই আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামো নিয়ে ভারতসহ সংশ্লিষ্ট দেশগুলো এর সম্ভাব্য প্রভাব পর্যবেক্ষণ করছে।

মক্কা চুক্তি,বাংলাদেশ,প্রতিরক্ষা


এ জাতীয় আরো খবর