শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৫ দিন পর অটোরিক্সা চালকের গলিত খন্ডিত মরদেহ উদ্ধার,প্রেপ্তার ৩

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-২৭ ২৩:১৮:৩৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে  নিখোঁজের ৫দিন পর রুমন আলী(২৩) নামে  এক অটোরিক্সা চালকের গলিত খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (২৬ আগষ্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে শিবগঞ্জের পুঁটিমারি বিলের একটি আখক্ষেতের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  পুলিশের দাবি, অটোরিক্সা  ছিনতাইয়ের জন্যই রুমনকে অপহরন করে খুন করে মরদেহ গুম করা হয়। ২১ আগষ্ট  রুমন নিখোঁজের পর পুলিশ এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে অটোরিক্সা। জব্দ হয়েছে হত্যায় ব্যবহৃত হাসুয়া  সহ বিভিন্ন আলামত।  রুমন শিবগঞ্জের কানসাট  ইউনিয়নের মোহনবাগান গ্রামের রাজু আহমেদের ছেলে। গ্রেপ্তার ৩ জন হলেন, কানসাট সেলিমাবাদ খানপাড়ার  মনিরুল খানের ছেলে অসিম ওরফে ওয়াসিম(৩০), কানসাট বিশ^নাথপুর গ্রামের মৃত নুরুলের ছেলে রফিকুল আলম (৩৪) ও  কানসাট বাগদূর্গাপুর কলকলিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে ওমর ফারুক (২৯)।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত বর্ননা করেন। তিনি বলেন, ২১ আগষ্ট ভোরে বাড়ি থেকে বের হয়ে  আর না ফেরায় পরদিন রুমনের বাবা শিবগঞ্জ থনায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরািদন ২৩ আগষ্ট পুলিশ সিসিটিভি ফুটেজ ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে প্রথমে অসিমকে  আটক করে। তাঁর দেয়া তথ্যে একই দিন আটক হয় রফিকুল।  জিজ্ঞাসবাদে তাঁরা জানায়, অটোরিক্সাটি তাঁরা ১ লক্ষ ২০ হাজার টাকা চুক্তিতে নগদ ৭০ হাজার টাকার বিনিময়ে ওমর ফারুকের নিকট বিক্রি করেছে। পরে ওই দিনই ওমর ফারুককে  আটক করে অটোরিক্সাটি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, তিনজনকে আটকের পর  একই দিন রুমনের স্ত্রী শিবগঞ্জ থানায় অপহরণ মামলা করেন। মামলার পর গ্রেপ্তার ওই তিনজনকে আদালতের মাধ্যমে ৩ দিনের রিমান্ডে আনা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে অসিম রুমনকে হত্যা ও অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেন। এরপর অসিমের দেখিয়ে দেয়া স্থান হতে স্থানীয়দের সহায়তায় রুমনের মরদেহ উদ্ধার হয়।
পুলিশ সুপার বলেন, মামলাটি হত্যা মামলায় রুপান্তর হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের ফরেনসিক টেষ্ট ও ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হবে। এ ঘটনায়  আসামীদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদানের বিষয়টি বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এদিকে এ ঘটনার প্রতিবাদে ২৪ আগষ্ট এলাকাবাসী মানববন্ধন করে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক দু’ঘন্টা অবরোধ করে।

 


এ জাতীয় আরো খবর