বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

টাঙ্গাইলে পিকআপভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনায় ফেলার সময় চালক আটক

  • আব্দুস সাত্তার,
  • ২০২৬-০৮-২৭ ২০:৩৫:০২

প্রতিনিধি টাঙ্গাইল:
টাঙ্গাইলের ভূঞাপুরে পিকআপভর্তি মেয়াদোত্তীর্ণ প্রায় কোটি টাকার সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলে দেওয়ার সময়  চালক আজমতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার (২৬ আগস্ট) মধ্যরাতে উপজেলার গোবিন্দাসী টি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানায়, বুধবার দিনগত মধ্যরাতে একটি মালবোঝাই পিকআপ গোবিন্দাসীর টি রোডের কালা সড়ক ধরে যুমনা নদীর দিকে সন্দেহজনকভাবে অবস্থান করছিল। ওষুধগুলো নদীতে ফেলে দেওয়ার প্রস্তুতিকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এসময় চালক আজমত আটক হলেও অন্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ভূঞাপুর উপজেলা প্রশাসনকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক পিকআপ ও চালককে থানায় নিয়ে আসে। এ ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা।
আটক পিকআপ চলক ও মালিক আজমতের দাবি, পিকআপ ভর্তি ওষুধগুলো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সরকারি হাসপাতালের। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির ভিত্তিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এরআগেও ঘাটাইলের বনাঞ্চলের গভীরে নিয়ে হাসপাতালের মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ফেলে দিয়েছিলেন। এবারও একইভাবে ওষুধগুলো ফেলে দেওয়ার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। 
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) আবু নয়িম মোহাম্মদ সোহেল ওষুধগুলো তাদের হাসপাতালের বলে স্বীকার করেছেন এবং এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। 
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একেএম রেজাউল করিম জানান, জনগণ ওষুধ ও পিকআপ আটক করেছে। পরে পুলিশে সোপর্দ করলে থানায় নিয়ে আসা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


এ জাতীয় আরো খবর