ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের মশিয়ালী পশ্চিমপাড়া এলাকার বিল ডাকাতিয়া খাল পরিষ্কার এবং প্রায় দেড় কিলোমিটার সড়ক নির্মাণের দাবিতে সোচ্চার হয়েছেন এলাকাবাসী। তাদের এই যৌক্তিক দাবি ও সমস্যা সরজমিনে দেখতে এলাকাটি পরিদর্শন করেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন।
সাবেক ভাইস চেয়ারম্যান এলাকা পরিদর্শন কালে স্থানীয় জনগণ তাকে পুরো খাল এবং রাস্তাটির বর্তমান অবস্থা ঘুরিয়ে দেখান। খালটি কচুরিপানায় এতটাই পূর্ণ যে সেখানে নৌ চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এছাড়াও খালের পাড়ের রাস্তাটিরও জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
পরিদর্শনকালে শেখ ইকবাল হোসেনের সাথে আরো উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ হাদিউজ্জামান, বিশিষ্ট ছাত্রনেতা এস এম ইলিয়াস হোসেন, শ্রমিক দল নেতা মোঃ পেয়ার আলী, মো. রিয়াজ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ।
এলাকাবাসীর সাথে আলোচনা কালে জানা যায়, অতীতে এই অঞ্চলের বেশিরভাগ মানুষ মিল-কল-কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে অনেক মিল বন্ধ হয়ে যাওয়ায় এলাকার বিশাল এক অংশ এখন কৃষিকাজের দিকে ঝুঁকতে বাধ্য হয়েছেন। কৃষিই এখন তাদের আয়ের প্রধান উৎস। কিন্তু বিল ডাকাতিয়া খালের কচুরিপানা ও রাস্তাঘাটের বেহাল দশাই তাদের জীবন ও কৃষিকাজকে ব্যাহত করছে।
ভুক্তভোগীরা জানান, খালটি যদি দ্রæত পুনঃখনন করা হয় তবে বৃষ্টির মৌসুমে জমিতে জলবদ্ধতা সৃষ্টি হবে না, যা ভালো ফলন নিশ্চিত করবে। পাশাপাশি দেড় কিলোমিটার সড়কটি সংস্কার করলে তারা তাদের কৃষি পণ্যগুলো সহজেই হাটে বা বাজারে নিতে পারবেন, এতে তাদের যাতায়াতেও সুবিধা হবে এবং পরিবহণ খরচও কমবে। তাঁদের দাবি , অবিলম্বে খাল ও সড়কটির সমস্যা সমাধান করা।
সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন এলাকাবাসীর এই দুর্ভোগ আমলে নিয়ে দ্রæত কর্তৃপক্ষের সাথে বিষয়টি আলোচনার আশ্বাস দিয়েছেন। তিনি এলাকার কৃষি ও মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে খালটি পুনঃখনন এবং সড়ক সংস্কারকে জরুরি বলে উল্লেখ করেন। শীঘ্রই যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। এলাকায় কৃষকদের জন্য এই সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তারা সরকারের পক্ষ থেকে বিশেষ নজরের আশা করছেন।