শনিবার, আগস্ট ৮, ২০২৬

'নদী বাঁচাতে এখনই কঠোর ব্যবস্থা’-সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৮-০৬ ২৩:২৮:৫৮
ছবি: সংগৃহীত।

রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ ভয়াবহ রূপ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবেশ রক্ষায় আর বিলম্বের সুযোগ নেই। তিনি সতর্ক করে বলেন, এখন কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর জবাবদিহি করতে হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক বৈঠকে প্রধানমন্ত্রী নদীদূষণ প্রতিরোধে দ্রুত একটি সময়বদ্ধ ও সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ এবং তার কঠোর বাস্তবায়নের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং রাজধানীসংলগ্ন অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান সংকট ও দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, খালের নাব্যতা কমে যাওয়া এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাকে নদীদূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
প্রধানমন্ত্রী শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য শোধনাগার (ইটিপি) কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং পরিবেশ আইন কঠোরভাবে প্রয়োগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার নির্দেশ দেন।
তিনি নদী রক্ষার কাজে পরিবেশবাদী সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন। জনসচেতনতা বৃদ্ধিকে নদী সংরক্ষণের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেন তিনি।
বৈঠকে সিদ্ধান্ত হয়, রাজধানীর চারপাশের নদীদূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠন করা হবে। কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর কার্যক্রম সমন্বয় করবে এবং নির্দিষ্ট সময় অন্তর অগ্রগতির প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাখিল করবে।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা নৌ এলাকার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ-আল-মাকসুস, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নদীদূষণ, বুড়িগঙ্গা, কর্মপরিকল্পনা


এ জাতীয় আরো খবর