সোমবার, জুলাই ২৭, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সমাপ্ত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

  • জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৬-০৭-২৫ ১১:২৫:২৭

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে উল্টো রথযাত্রা শুরু হয়। রথযাত্রাটি পাইকপাড়া মোড়, কালীবাড়ি মোড়, পৈরতলা বাসস্ট্যান্ড ও মধ্যপাড়া প্রদক্ষিণ করে শ্রীশ্রী রাধামাধব মন্দিরে গিয়ে শেষ হয়।
উল্টো রথযাত্রায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা ও এলাকা থেকে আগত অসংখ্য সনাতন ধর্মাবলম্বী ভক্ত-অনুরাগী পদব্রজে অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তিমূলক সংগীত, কীর্তন ও প্রার্থনার মধ্য দিয়ে পুরো শোভাযাত্রা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা ভগবান শ্রীশ্রী জগন্নাথ দেবের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।
উৎসবকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, উল্টো রথযাত্রার মধ্য দিয়েই শ্রীশ্রী জগন্নাথ দেবের বার্ষিক রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়াজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে এবং ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।


এ জাতীয় আরো খবর