সোমবার, জুলাই ২০, ২০২৬

জিম্বাবুয়ের মাটিতে আবারও টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের,তানজিদের ব্যাটে জয়

  • ক্রীড়া ডেস্ক
  • ২০২৬-০৭-১৯ ২৩:৩৫:৫৮
ছবি: সংগৃহীত।

টেস্ট ও একদিনের সিরিজে হতাশার পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে টাইগাররা।
সফরের শুরুতে একমাত্র টেস্টে ১-০ এবং তিন ম্যাচের একদিনের সিরিজে ২-১ ব্যবধানে হারের পর টি-টোয়েন্টিতে দারুণ প্রত্যাবর্তন করল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩২ রানে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ৩৪ রানের জয় তুলে নিয়ে সমতা ফেরায় সফরকারীরা। এরপর শেষ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে তারা।
এটি জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়। এর আগে ২০২১ সালে একই ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। শুরুতেই মাহেদি হাসানের ঘূর্ণিতে ওপেনার টাদিওয়ানাশে মারুমানিকে হারায় স্বাগতিকরা।
এরপর ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্স দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। ৩৮ বলে ৪৭ রান করে বেনেট ফিরলেও একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন মায়ার্স।
অধিনায়ক সিকান্দার রাজা দ্রুত বিদায় নিলেও মায়ার্স ও রায়ান বার্ল দলকে লড়াইয়ের অবস্থানে নিয়ে যান। তবে শেষ তিন ওভারে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং ও চমৎকার ফিল্ডিংয়ে মাত্র ১৬ রান তুলতে চার উইকেট হারায় জিম্বাবুয়ে।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ৫৩ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ডিওন মায়ার্স। বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফুদ্দিন দুটি এবং মাহেদি হাসান, রিশাদ হোসেন ও আব্দুল গাফ্ফার সাকলাইন একটি করে উইকেট নেন।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। এরপর পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান ধীরে ধীরে রান তোলেন। ইমন ২৪ রান করে বিদায় নিলেও তানজিদ ও অধিনায়ক তাওহিদ হৃদয় তৃতীয় উইকেটে ৬৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।
হৃদয় ২৪ রান করে ফিরলেও দায়িত্ব কাঁধে তুলে নেন তানজিদ। ৪৫ বলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করে দলের জয় নিশ্চিত করার পথে বড় ভূমিকা রাখেন তিনি।
শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৫ রান। নাটকীয় মুহূর্তে মোসাদ্দেক হোসেন ও সাইফুদ্দিন দ্রুত আউট হয়ে গেলে ম্যাচে উত্তেজনা তৈরি হয়। তবে শেষ তিন বলে ৪ রান প্রয়োজন থাকতেই মাহেদি হাসান কভারের ওপর দিয়ে দৃষ্টিনন্দন চার মেরে দলের জয় নিশ্চিত করেন।
তানজিদ হাসান ৫৮ বলে ৬৬ রানের অসাধারণ ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল একটি চার ও চারটি ছক্কা। মাহেদি হাসান অপরাজিত থাকেন ৪ রানে।
জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা ও ব্র্যাড ইভান্স দুটি করে উইকেট শিকার করেন।

বাংলাদেশ, তানজিদ, সিরিজ


এ জাতীয় আরো খবর