শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত,মরদেহ ফেরাতে প্রশাসনের সহায়তা চায় পরিবার

  • লক্ষ্মীপুর প্রতিনিধি
  • ২০২৬-০৭-১৬ ২২:১৮:৪৭
ফাইল ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দুই সহোদর ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের পরিবার, স্বজন ও নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন ফয়েজ আহমেদ সজীব (৩০) ও ফরহাদ হোসেন সুজন (২৭)। তারা চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর খলিফার বাড়ি এলাকার কামারহাট বাজারের ব্যবসায়ী আব্দুল মালেকের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে নিহতদের বাবা আব্দুল মালেক ও পরিবারের সদস্যরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে রিয়াদে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফেরার পথে তাদের বহনকারী গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
দুই সহোদরের মৃত্যুসংবাদ দেশে পৌঁছানোর পর পরিবারে নেমে আসে শোকের মাতম। কামারহাট বাজারসহ পুরো এলাকায়ও শোকের পরিবেশ বিরাজ করছে।
স্থানীয়দের ভাষ্য, সজীব ও সুজন দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। কর্মঠ, ভদ্র ও সদালাপী হিসেবে এলাকায় তাদের সুনাম ছিল। জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকলেও পরিবারের সঙ্গে তাদের ছিল নিবিড় সম্পর্ক।
ছেলেদের অকাল মৃত্যুতে বাবা আব্দুল মালেক ও পরিবারের সদস্যরা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। তিনি দ্রুত দুই সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা বলেন, ঘটনাটি এখনও আনুষ্ঠানিকভাবে তাদের জানা নেই। বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।

সৌদি আরব, সড়ক দুর্ঘটনা, লক্ষ্মীপুর


এ জাতীয় আরো খবর