বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬

সমরাঙ্গনের ফুটবল: সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথে ইতিহাস ও আবেগের মহাযুদ্ধ ​বিশ্লেষণ

  • মো. সোহেল
  • ২০২৬-০৭-১৫ ২২:২০:২৭

​ফুটবল মাঠের লড়াই যখন ইতিহাসের পাতায় লেখা রক্তক্ষয়ী স্মৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়, তখন সেই ম্যাচ আর কেবল ৯০ মিনিটের খেলা থাকে না—তা হয়ে ওঠে সম্মানের লড়াই। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মুখোমুখি হওয়াটা ঠিক তেমনই এক প্রেক্ষাপট। যেখানে একদিকে রয়েছে স্কালোনির অভিজ্ঞ ও ঐক্যবদ্ধ আর্জেন্টিনা, আর অন্যদিকে টমাস টুখেলের অধীনে পুনর্জাগরিত ‘থ্রি লায়ন্স’।
​আর্জেন্টিনার অভিজ্ঞতা বনাম তারুণ্যের চ্যালেঞ্জ
​লিওনেল স্কালোনি অনেকটা গত বিশ্বকাপের জয়ী স্কোয়াড নিয়েই এবার হাজির হয়েছেন। দীর্ঘদিনের বোঝাপড়া এই দলের বড় শক্তি। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। গতিশীল ফুটবলের বিপরীতে আর্জেন্টিনার রক্ষণভাগে মাঝে মাঝেই ধীরগতির ছাপ স্পষ্ট হয়েছে। বিশেষ করে ক্রিস্তিয়ান রোমেরোর ভুল করার প্রবণতা এবং লিসান্দ্রো মার্তিনেজের এরিয়াল চ্যালেঞ্জে সীমাবদ্ধতা কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে ফুটে উঠেছে। জোনাল মার্কিংয়ে তাদের রক্ষণভাগের এই দুর্বলতা ইংল্যান্ডের মতো গতিময় দলের জন্য হতে পারে ত্রাস।
​ইংল্যান্ডের অপ্রতিরোধ্য জুটি ও মানসিক ইস্পাত
​ইংল্যান্ডের এবারের বিশ্বকাপ অভিযানের মূল কারিগর হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম। ১৩ গোলের মধ্যে ১২টিতেই সরাসরি অবদান রাখা এই জুটি ইতিহাস সৃষ্টি করেছে। বেলিংহ্যামের ফর্ম যেন ১৯৮৬ সালের মারাদোনার স্মৃতি উসকে দিচ্ছে। সাথে এন্থনি গর্ডনের গতি এবং ডেকলান রাইসের নিশ্ছিদ্র মধ্যমাঠ ইংল্যান্ডকে এক অপ্রতিরোধ্য ভারসাম্য দিয়েছে।
​তবে ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের মানসিক দৃঢ়তা। মেক্সিকোর বিপক্ষে ১০ জন নিয়ে জয় কিংবা নরওয়ের বিপক্ষে কামব্যাক—টমাস টুখেলের শিষ্যরা প্রমাণ করেছে যে, তারা যেকোনো পরিস্থিতিতে ম্যাচ বের করে আনতে সক্ষম। যদিও গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের নড়বড়ে পারফরম্যান্স তাদের কিছুটা উদ্বেগে রাখতে পারে।
​ইতিহাসের টানাপোড়েন: কেবলই ফুটবল নয়
​এই লড়াইয়ের পেছনে রয়েছে শতাব্দী পুরোনো তিক্ত ইতিহাস। ফকল্যান্ড যুদ্ধ থেকে শুরু করে ১৯৮৬ সালের মারাদোনার ‘হ্যান্ড অফ গড’ বা ১৯৯৮-এ বেকহ্যামের লাল কার্ড—প্রতিটি মুহূর্তই এই ম্যাচটিকে উত্তেজনার পারদ বাড়িয়ে দেয়। আর্জেন্টিনা একে দেখে প্রতিশোধের মঞ্চ হিসেবে, আর ইংল্যান্ডের কাছে এটি পুরনো হারের ক্ষত মোছার সুযোগ। মাঠের বাইরে যুদ্ধের ছায়া আর মাঠের ভেতরের ট্যাকটিক্যাল লড়াই—সব মিলিয়ে এটি হতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ।
​কোচদের বুদ্ধির লড়াই
​স্কালোনি হয়তো মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে ৪-৪-২ ফরমেশন থেকে সরে এসে ৩-৫-২ বা ৪-২-৩-১ কৌশলে দল সাজাতে পারেন। অন্যদিকে, টুখেল চাইবেন সেটপিস এবং বদলি খেলোয়াড়দের—সাকা বা রজার্সদের—কাজে লাগিয়ে ম্যাচের মোড় ঘোরাতে। উভয় দলই দীর্ঘ টুর্নামেন্টের ক্লান্তি সয়ে ক্লান্ত, তবে সেমিফাইনালের এই মঞ্চে শেষ শক্তিটুকু নিংড়ে দিতে কারোরই কার্পণ্য থাকার কথা নয়।
​ফাইনালে স্পেনের অপেক্ষায় থাকা বিজয়ী দলের দিকে আজ পুরো পৃথিবীর চোখ। মাঠের এই যুদ্ধে ‘বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী’—এই মন্ত্রেই কি তবে আজ নির্ধারিত হবে বিশ্বকাপের ভাগ্য? উত্তর মিলবে আজ রাতেই!


এ জাতীয় আরো খবর