সাতক্ষীরা : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদনকৃত সাতক্ষীরার সাংবাদিকদের আবেদনসমুহ যাচাই বাছাইয়ের লক্ষে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা যাচাই বাছাই কমিটির সদস্য ও সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ।
সভার সভাপতি জেলা প্রশসাক কাউসার আজিজ বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রানালয়ের অধীনস্থ একটি কল্যাণ ট্রাস্ট যা সারা দেশের সাংবাদিকদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদানের জন্য কাজ করে থাকে। তিনি এসময় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে প্রাপ্ত অর্থ সাংবাদিকদের সম্মান বৃদ্ধি ও কাজের গতিশীলতা আনতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় জেলার সকল সাংবাদিকদের আবেদন যাচাই বাছাই শেষে বিভিন্ন ক্যটাগরির সর্বমোট ৪৫টি আবেদন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়।