শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

টানা বৃষ্টিতে নবোদয় হাউজিংয়ে মানবিক সংকট,ক্ষতিগ্রস্ত ৩০০-৪০০ পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান

  • শাফায়েত হোসেন
  • ২০২৬-০৭-১২ ১৫:৫৬:২৩
ছবি: সংগৃহীত।

রাজধানীর আদাবর ও মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় টানা বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে চরম মানবিক সংকট। জলাবদ্ধতায় প্রায় ৩০০ থেকে ৪০০ পরিবার দুর্বিষহ জীবনযাপন করছে। অনেক বাড়িতে কোমরসমান পানি প্রবেশ করায় স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টানা দুই দিনের ভারী বৃষ্টিতে ঘরে পানি ঢুকে আসায় আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নষ্ট হয়ে গেছে। অনেক পরিবার রান্না করতে পারছে না। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ছোট ছোট শিশু, বৃদ্ধ ও নারীদের নিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন তারা। দিনমজুর ও নিম্নআয়ের মানুষ কাজ করতে না পারায় অনেক পরিবার খাদ্যসংকটে পড়েছে।
এ অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকরা সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
এদিকে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন এলাকার দুই ব্যবসায়ী মিরাজ ও সিরাজ। তারা নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করেছেন।
মিরাজ ও সিরাজ বলেন,আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আজ যারা বিপদে আছেন, তাদের জায়গায় আমরাও থাকতে পারতাম। আল্লাহ আমাদের ভালো রেখেছেন, তাই আমাদের দায়িত্ব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করেন, তাহলে অনেক পরিবার এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে।
স্থানীয় বিএনপির সাবেক ইউনিট সম্পাদক মোহাম্মদ সানা মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, এলাকায় প্রায় ৪০০ থেকে ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তিনি নিজেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে ছোট ছোট শিশু, নারী ও বৃদ্ধদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছেন।
তিনি বলেন,রাজনীতি বড় বিষয় নয়, মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। মানুষ মানুষের জন্য ও এই মূল্যবোধ থেকেই আমি কাজ করছি।
তিনি আরও বলেন,আমি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে এই এলাকায় বসবাস করছি এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি। কিন্তু জলাবদ্ধতার এমন স্থায়ী সমাধান আজও দেখিনি। সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনেকবার এলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।"
সানা মিয়া দাবি করেন, নবোদয় হাউজিং এলাকায় বৃহত্তর ময়মনসিংহ ও কিশোরগঞ্জ অঞ্চলের বহু মানুষ বসবাস করেন। তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন,আমি চাই সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করুক। পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিত্তবান ব্যক্তি এবং দেশের সব শ্রেণি-পেশার মানুষ যেন এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ান।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোরও একটাই দাবি—দ্রুত জলাবদ্ধতা নিরসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও জরুরি আর্থিক সহায়তা নিশ্চিত করা। তাদের ভাষ্য, দ্রুত সহযোগিতা না পেলে মানবিক সংকট আরও গভীর হবে।
স্থানীয়দের আহ্বান, মানবিক এই দুর্যোগে সবাই এগিয়ে আসুন। যার যতটুকু সামর্থ্য রয়েছে, তা নিয়েই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ান। মানবিক সহায়তাই পারে শত শত অসহায় পরিবারের মুখে আবারও স্বস্তির হাসি ফিরিয়ে আনতে।


এ জাতীয় আরো খবর