ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় উল্টে যাওয়া একটি ডিমবাহী পিকআপ উদ্ধারকাজ চলাকালে নিয়ন্ত্রণ হারানো যাত্রীবাহী বাস পথচারীদের ওপর উঠে গেলে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের সোয়াদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন।
পুলিশ জানায়, বিকেলে একটি ডিমবাহী পিকআপ মহাসড়কে উল্টে গেলে সেটি সরাতে রেকার নিয়ে উদ্ধারকাজ শুরু হয়। এ সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উদ্ধারকাজ দেখতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং অন্তত ১০ জন আহত হন।
নিহতদের মধ্যে ডিমবাহী পিকআপের চালক রয়েছেন। অন্য চারজন হলেন—সোয়াদী এলাকার জয়নাল (২৭), আরিফ (২৭), ওবায়দুর (৪০) এবং অপর এক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ট্রাকচালক ছাড়া নিহত ও আহতদের অধিকাংশই স্থানীয় বাসিন্দা।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন ধরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করে।
হাইওয়ে পুলিশের ওসি হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভাঙ্গা, সড়ক দুর্ঘটনা, ফরিদপুর