বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

দুই গোলে পিছিয়েও মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন,শেষ মুহূর্তের নাটকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৭-০৮ ১০:১৩:২০
ছবি: সংগৃহীত।

দুই গোলের ধাক্কায় প্রায় বিদায়ের মুখে দাঁড়িয়ে ছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু লিওনেল মেসিকে সঙ্গে নিয়ে শেষ ১১ মিনিটে ফুটবলের এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ৩-২ ব্যবধানে মিশরকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা।
আটলান্টায় অনুষ্ঠিত রুদ্ধশ্বাস এই লড়াইয়ে ইয়াসির ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ইতিহাসের স্বপ্ন দেখতে শুরু করেছিল মিশর। কিন্তু ঠিক সেই মুহূর্তেই জেগে ওঠে আর্জেন্টিনা। প্রথমে ক্রিস্টিয়ান রোমেরো ব্যবধান কমান, এরপর অধিনায়ক মেসি সমতা ফেরান। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের হেডে আসে জয়সূচক গোল।
ম্যাচজুড়ে নাটকীয়তার কেন্দ্রবিন্দু ছিলেন মেসিই। প্রথমার্ধে পাওয়া পেনাল্টি কাজে লাগাতে পারেননি তিনি। মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর দুর্দান্ত সেভে ফিরিয়ে দেন তাঁর শট। বিশ্বকাপে টাইব্রেকার বাদে নেওয়া আটটি পেনাল্টির মধ্যে এটি ছিল মেসির চতুর্থ ব্যর্থতা। একই সঙ্গে এক আসরে দুটি পেনাল্টি মিস করার বিরল রেকর্ডেও নাম লেখান আর্জেন্টাইন অধিনায়ক।
পেনাল্টি মিসের হতাশা নিয়েও হাল ছাড়েননি আটবারের ব্যালন ডি'অরজয়ী। দ্বিতীয়ার্ধে সতীর্থদের উজ্জীবিত করেন, একটি গোলের পথ তৈরি করে দেন এবং শেষ পর্যন্ত নিজেই দুর্দান্ত হাফ-ভলিতে সমতার গোলটি করেন। টানা নবম বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন এক রেকর্ড গড়েন তিনি। টুর্নামেন্টে তাঁর গোলসংখ্যা দাঁড়ায় আটে, ফলে গোল্ডেন বুটের দৌড়েও আরও এগিয়ে যান।
ম্যাচের শুরু থেকেই মিশর ছিল আত্মবিশ্বাসী। ১৫ মিনিটে মারওয়ান আতিয়ার নিখুঁত ক্রস থেকে ইয়াসির ইব্রাহিমের শক্তিশালী হেডে এগিয়ে যায় আফ্রিকার দলটি। পাঁচ মিনিট পর পেনাল্টি পেয়ে সমতায় ফেরার সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা।
প্রথমার্ধে শোবেইর একের পর এক দুর্দান্ত সেভ করে আর্জেন্টিনার আক্রমণ ঠেকিয়ে দেন। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও হুলিয়ান আলভারেসের নিশ্চিত গোলও তাঁর দৃঢ়তায় রূপ নেয়নি।
দ্বিতীয়ার্ধে একসময় মনে হয়েছিল মিশর ব্যবধান দ্বিগুণ করেছে। মোহাম্মদ সালাহর পাস থেকে মোস্তফা জিকো বল জালে পাঠালেও ভিএআরের হস্তক্ষেপে আগের একটি ফাউলের অভিযোগে গোলটি বাতিল হয়। বিতর্ক থামার আগেই সালাহর নেতৃত্বে আরেকটি দ্রুত আক্রমণ থেকে জিকো এবার বৈধ গোল করে ব্যবধান ২-০ করেন।
তখনও অনেকে ধরে নিয়েছিলেন আর্জেন্টিনার যাত্রা বুঝি এখানেই শেষ। কিন্তু ক্রিস্টিয়ান রোমেরোর হেডে বদলে যেতে শুরু করে ম্যাচের চিত্র। এরপর মেসির নেতৃত্বে একের পর এক আক্রমণে চাপে পড়ে মিশর।
৮৩ মিনিটে গনসালো মন্টিয়েলের পাস থেকে মেসির হাফ-ভলি শোবেইরের হাত ছুঁয়ে ক্রসবারে লেগে জালে জড়ালে সমতায় ফেরে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত যোগ করা সময়ে লাউতারো মার্তিনেসের নিখুঁত ক্রস থেকে এনজো ফার্নান্দেজের জোরালো হেডে আসে জয়।
ম্যাচ শেষে আবেগাপ্লুত মেসিকে চোখের পানি ফেলতেও দেখা যায়। অন্যদিকে দ্বিতীয়ার্ধে একটি গোল বাতিলসহ কয়েকটি রেফারিং সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে মিশর শিবির। উত্তেজনার এক পর্যায়ে তাদের কোচিং স্টাফের এক সদস্য লাল কার্ডও দেখেন।
পরাজয়ে হৃদয় ভাঙলেও অসাধারণ লড়াইয়ে ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে মোহাম্মদ সালাহর মিশর। আর অসম্ভবকে সম্ভব করে শেষ আটে উঠে আবারও নিজেদের চ্যাম্পিয়নের মানসিকতার প্রমাণ দিল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।

আর্জেন্টিনা, মেসি, বিশ্বকাপ


এ জাতীয় আরো খবর