ঢাকা: স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কর্মপরিধির আলোকে সরকারি অনুমোদিত ৪ (চার) বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন, ১০ম গ্রেড বাস্তবায়ন, পেশাগত মর্যাদা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও সাশ্রয়ী দন্তস্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ ডেন্টাল পরিষদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের সকল জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ ডেন্টাল পরিষদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জেলার জেলা শাখার নেতৃবৃন্দ নিজ নিজ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপিতে সরকারি অনুমোদিত ডেন্টাল ডিপ্লোমাধারীদের দীর্ঘদিনের পেশাগত বৈষম্য নিরসন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশের দন্তস্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করা হয়।
স্মারকলিপিতে বিশেষভাবে উল্লেখ করা হয় যে, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কর্মপরিধির আলোকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর মাধ্যমে সরকারি অনুমোদিত ৪ (চার) বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন বাস্তবায়ন এখন সময়ের অপরিহার্য দাবি। একই সঙ্গে সরকারি চাকরিতে ১০ম গ্রেড নিশ্চিতকরণ, শূন্যপদে দ্রুত নিয়োগ ও নতুন পদ সৃজনের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি, ডিপ্লোমাধারীদের ন্যায্য পেশাগত মর্যাদা ও আইনগত স্বীকৃতি প্রদান এবং দেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য সহজলভ্য, মানসম্মত ও স্বল্প ব্যয়ের দন্তস্বাস্থ্যসেবা সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
এ বিষয়ে বাংলাদেশ ডেন্টাল পরিষদের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন,“সরকারি অনুমোদিত ৪ (চার) বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা দীর্ঘদিন ধরে দেশের দন্তস্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের দক্ষতা, ক্লিনিক্যাল প্রশিক্ষণ এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত কর্মপরিধির আলোকে সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন বাস্তবায়ন করলে একদিকে হাজার হাজার শিক্ষিত ডিপ্লোমাধারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে দেশের প্রান্তিক জনগোষ্ঠী সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে মানসম্মত প্রাথমিক দন্তস্বাস্থ্যসেবা পাবে। এর ফলে সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপও উল্লেখযোগ্যভাবে কমবে এবং জাতীয় স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী হবে।”
তিনি আরও বলেন, বাংলাদেশ ডেন্টাল পরিষদ সবসময় শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মত কর্মসূচির মাধ্যমে সরকারি অনুমোদিত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে এবং এ বিষয়ে সরকারের মানবিক ও ইতিবাচক সিদ্ধান্ত প্রত্যাশা করে।