মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

জলঢাকায় ব্র্যাক অফিসের সামনে জলাবদ্ধতা চরম দুর্ভোগে এলাকাবাসী ও পথচারী

  • জামিয়ার রহমান
  • ২০২৬-০৭-০৬ ২৩:২৭:০০

নীলফামারীঃ 
নীলফামারীর জলঢাকা পৌরসভার প্রাণকেন্দ্র মুদিপাড়া থেকে নেকবক্ত-কৈমারী রোডে যাওয়ার সংযোগ সড়কটিতে দীর্ঘদিন ধরে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাজীরহাট (নেকবক্ত সড়ক) সংলগ্ন মুদিপাড়া আসার পথে, বিশেষ করে ব্র্যাক অফিসের সামনের সড়কটির এই বেহাল দশায় প্রতিদিন হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
​আজ সোমবার০৬/০৭/২৬ সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশের বাড়িঘরের ময়লা-আবর্জনা এবং ড্রেনেজ ব্যবস্থার অভাবে প্রতিনিয়ত নোংরা পানি উপচে পড়ছে মূল রাস্তায়। সেই ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি রাস্তায় জমে থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। রাস্তায় জমে থাকা নোংরা পানির তীব্র দুর্গন্ধের কারণে পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের নাক চেপে চলাচল করতে হচ্ছে। এতে একদিকে যেমন বাড়ছে জনভোগান্তি, অন্যদিকে দেখা দিচ্ছে নানাবিধ স্বাস্থ্যঝুঁকি।
​স্থানীয় এলাকাবাসী ও পথচারীদের অভিযোগ, অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে এখানে কোনো কার্যকর পানি নিষ্কাশন বা ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য গৃহস্থালি বর্জ্যের পানিও রাস্তায় এসে আটকে থাকছে।
​ভুক্তভোগী এলাকাবাসীর দাবি “রাস্তাটির এই অবস্থার কারণে আমাদের দৈনন্দিন চলাচল নরকযন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। নোংরা পানির দুর্গন্ধে এলাকায় টেকা দায়। আমরা দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি চাই।”
​এমতাবস্থায়, জনস্বার্থ ও জনভোগান্তির বিষয়টি বিবেচনা করে জলঢাকা পৌরসভার নবনিযুক্ত পৌর প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অতি দ্রুত স্থায়ী পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত রাস্তাটি জরুরি ভিত্তিতে মেরামতের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী ও সাধারণ পথচারীদের।


এ জাতীয় আরো খবর