তুমিও কি বোকার মতো, সেই দলেতে পড়ো ?
আটকে পড়া মেসেজ যতো, একলা জড়ো করো !
একলা দুপুর জাফরি রোদে, পুরোনো মেসেজগুলো
নেশামদির শূন্য চোখে, হয় না স্মৃতি ধুলো !
মুছতে গিয়েও থমকে যাবে, আঙ্গুল ফিরে আসে,
অক্ষরেরা নীরব হয়ে, বুকের মধ্যে ভাসে।
কথাগুলো শেষ হয়নি, থমকে মাঝপথে !
তারাই শুধু নিঃশব্দে, বেঁচে থাকে ক্ষতে।
তুমিও কি আজ এখনো, মেঘের ভাষা পড়ো ?
ভেজা জানলার কাচে এসে, আমার নামটা গড়ো ?
নিঃস্ব দুপুর দহন আঁচে, জমে ওঠে ধুলো।
তবু তোমার মেসেজগুলো, হয় না স্মৃতি ভুলো !
বৃষ্টি ভেজা বিকাল হলে, কথারাও তো ভেজে,
"ভালো থেকো " দুটি অক্ষর নদীর স্রোতই খোঁজে।
কুয়াশারা সব গোপন কথা, আড়াল করে রাখে,
তোমার ছোঁয়ার উষ্ণতাটা, আজও স্মৃতি মাখে।
ফাগুন এলে পলাশ ডাকে, কোকিল ভোলে সুর,
তোমায় ছাড়া রঙের মেলাও, লাগে বড় দূর !
বিরহ নামে নীরব রাতে, চাঁদের নরম ক্ষয়ে
ঘুমের ভেতর হাত বাড়িয়ে, তোমার স্মৃতি বয়।
সবার শেষে বুঝতে পারা, সবই ছিল ধার
হারিয়ে ফেলা মানুষ জানি, আসে না ফিরে আর