নীলফামারী
নীলফামারীর জলঢাকা উপজেলার ৪ নং গোলনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে সরকারি রাস্তা নির্মাণ কাজে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন লেবুর বিরুদ্ধে কাজ বাস্তবায়নের নামে সরকারি অর্থের হরিলুটের অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।
রাস্তার যে চিত্র ফুটে উঠেছে, তা মূলত সরকারি বরাদ্দের অপব্যবহারেরই বহিঃপ্রকাশ। রাস্তা নির্মাণে কোনো ধরণের প্রকৌশলগত মান বজায় রাখা হয়নি। ভালো মানের ইটের পরিবর্তে অত্যন্ত নিম্নমানের ও ভাঙা ইট দিয়ে দায়সারাভাবে রাস্তা তৈরির কাজ চালানো হচ্ছে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিন পর্যবেক্ষণে যে বিষয়গুলো উঠে এসেছে রাস্তা নির্মাণে যে ইটের ব্যবহার করা হচ্ছে, তা মানদণ্ড অনুযায়ী অত্যন্ত নিম্নমানের ও ভাঙা । রাস্তার ভিত্তি মজবুত না করেই ওপর দিয়ে ইটের টুকরো ছড়িয়ে দিয়ে কাজ সম্পন্ন করার অপচেষ্টা চলছে, যা টেকসই উন্নয়নের পরিপন্থী। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেন লেবু নিজেই এই কাজের ঠিকাদারি নিয়ন্ত্রণ করছেন এবং ক্ষমতার অপব্যবহার করে সরকারি বরাদ্দ আত্মসাতের চেষ্টা করছেন।
এলাকাবাসীর মতে, এ ধরণের নিম্নমানের কাজে সরকারি অর্থের অপচয় হচ্ছে এবং কিছুদিনের মধ্যেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। দুর্নীতির এই মহোৎসব বন্ধে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।