জলঢাকায় সরকারি রাস্তার কাজে:অনিয়মের পাহাড় গড়ে তুলেছেন এক ইউপি সদস্য

  • ​নিজস্ব প্রতিবেদক,
  • ২০২৬-০৭-০৩ ১৫:৪৬:৩২
image

নীলফামারী
নীলফামারীর জলঢাকা উপজেলার ৪ নং গোলনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে সরকারি রাস্তা নির্মাণ কাজে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন লেবুর বিরুদ্ধে কাজ বাস্তবায়নের নামে সরকারি অর্থের হরিলুটের অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।
​রাস্তার যে চিত্র ফুটে উঠেছে, তা মূলত সরকারি বরাদ্দের অপব্যবহারেরই বহিঃপ্রকাশ। রাস্তা নির্মাণে কোনো ধরণের প্রকৌশলগত মান বজায় রাখা হয়নি। ভালো মানের ইটের পরিবর্তে অত্যন্ত নিম্নমানের ও ভাঙা ইট দিয়ে দায়সারাভাবে রাস্তা তৈরির কাজ চালানো হচ্ছে।
​স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিন পর্যবেক্ষণে যে বিষয়গুলো উঠে এসেছে রাস্তা নির্মাণে যে ইটের ব্যবহার করা হচ্ছে, তা মানদণ্ড অনুযায়ী অত্যন্ত নিম্নমানের ও ভাঙা । রাস্তার ভিত্তি মজবুত না করেই ওপর দিয়ে ইটের টুকরো ছড়িয়ে দিয়ে কাজ সম্পন্ন করার অপচেষ্টা চলছে, যা টেকসই উন্নয়নের পরিপন্থী। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেন লেবু নিজেই এই কাজের ঠিকাদারি নিয়ন্ত্রণ করছেন এবং ক্ষমতার অপব্যবহার করে সরকারি বরাদ্দ আত্মসাতের চেষ্টা করছেন।
​এলাকাবাসীর মতে, এ ধরণের নিম্নমানের কাজে সরকারি অর্থের অপচয় হচ্ছে এবং কিছুদিনের মধ্যেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। দুর্নীতির এই মহোৎসব বন্ধে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।