সোমবার, জুন ২২, ২০২৬

স্বর্ণার ঝড় ও স্পিনারদের দাপটে পাকিস্তান বধ, সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখল বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৬-২১ ১১:১৪:৩৬
ছবি: সংগৃহীত।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ এক জয়ে সেমিফাইনালের লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল বাংলাদেশ। ব্যাট হাতে স্বর্ণা আক্তারের দায়িত্বশীল ঝড়ো ইনিংস এবং বল হাতে সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের ঘূর্ণিতে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে টাইগ্রেসরা।
সাউদাম্পটনে অনুষ্ঠিত গ্রুপ-১-এর ম্যাচে এই জয়ের ফলে তিন ম্যাচে দুই জয় ও চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। অন্যদিকে টানা তৃতীয় পরাজয়ে বিদায়ের শঙ্কায় পড়ে গেছে পাকিস্তান। গ্রুপের শীর্ষে রয়েছে তিন ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ১৩ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দল। সেখান থেকে অধিনায়ক নিগার সুলতানা ও সোবহানা মোস্তারির জুটি দলকে বিপদমুক্ত করার চেষ্টা করেন। চতুর্থ উইকেটে তাদের ৩৫ রানের জুটি ইনিংসে স্থিতি এনে দেয়।
সোবহানা ১৯ বলে ২২ রান করে ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন নিগার। পরে রিতু মনি ও স্বর্ণা আক্তারের সঙ্গে গুরুত্বপূর্ণ দুটি জুটি গড়ে দলের রানসংখ্যা এগিয়ে নেন তিনি। ৩৮ বলে ৩৬ রান করে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক।
তবে ইনিংসের শেষ ভাগে ম্যাচের চিত্র পাল্টে দেন স্বর্ণা আক্তার। আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিনি পাকিস্তানি বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন। পাঁচটি চারের সাহায্যে মাত্র ২২ বলে অপরাজিত ৩৯ রান করে বাংলাদেশকে ২০ ওভারে ৬ উইকেটে ১২৩ রানের লড়াকু সংগ্রহ এনে দেন। তার সঙ্গে অপরাজিত ছিলেন রাবেয়া খান।
১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরুটা ভালোই করেছিল। উদ্বোধনী জুটিতে ৪৯ রান তুলে ম্যাচে এগিয়ে থাকার ইঙ্গিত দেয় তারা। কিন্তু অষ্টম ওভারে নাহিদা আক্তার সেই জুটি ভাঙার পরই বদলে যায় ম্যাচের গতি।
এরপর দুই বাঁ-হাতি স্পিনার নাহিদা ও মেঘলার ঘূর্ণিতে কার্যত ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ৪৯ রান থেকে ৮৪ রানে পৌঁছাতে গিয়ে আটটি উইকেট হারিয়ে বসে তারা। মাঝের ওভারে বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানের ব্যাটাররা।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০০ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন উদ্বোধনী ব্যাটার মুনিবা আলি।
বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ১৮ রানে এবং সানজিদা আক্তার মেঘলা ২১ রানে তিনটি করে উইকেট শিকার করেন। ব্যাট হাতে ২২ বলে অপরাজিত ৩৯ রানের ঝলমলে ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন স্বর্ণা আক্তার।
এই জয়ে সেমিফাইনালের আশা উজ্জ্বল রেখেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ২৫ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

স্বর্ণা আক্তার, বাংলাদেশ নারী দল, পাকিস্তান, টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেমিফাইনাল লড়াই


এ জাতীয় আরো খবর