চট্টগ্রামে রানবন্যার ম্যাচেও শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়া। ম্যাট রেনশের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে সফরকারীরা, আর সেই লক্ষ্য তাড়া করতে নেমে লড়াই করেও ৭ রানের ব্যবধানে হার মেনে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করল অস্ট্রেলিয়া।
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে দ্রুত রান এলেও মাঝপথে কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দলটি। তবে সেই চাপ সামলে দেন ম্যাট রেনশ ও টিম ডেভিড।
দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় সফরকারীরা। ডেভিড ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নিলেও রেনশ ছিলেন অপ্রতিরোধ্য। টি-টোয়েন্টি ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলতে থাকা এই ব্যাটার ৫২ বলে অপরাজিত ৮৯ রান করেন। শেষ দিকে জোয়েল ডেভিসের কার্যকর ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান তোলে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ দুটি উইকেট নেন। এছাড়া নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট শিকার করেন।
১৯৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় বাংলাদেশ। তানজিদ হাসান ও সাইফ হাসানের উদ্বোধনী জুটি দ্রুত রান তুলে ম্যাচে স্বপ্ন জাগায়। পরে সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন ও সাইফের ব্যাটে জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে ওঠে।
একপর্যায়ে বাংলাদেশের প্রয়োজন ছিল ৪৪ বলে মাত্র ৬৭ রান। হাতে ছিল ৮ উইকেট। কিন্তু ইমনের বিদায়ের পর ম্যাচের মোড় ঘুরে যায়। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
সাইফ হাসান ৪২, ইমন ৩৬ এবং অধিনায়ক তাওহিদ হৃদয় ৩৫ রান করে লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত লক্ষ্য ছুঁতে পারেনি বাংলাদেশ। শেষ ওভারে ২৩ রান প্রয়োজন হলে টাইগাররা তুলতে পারে ১৫ রান। ফলে ৬ উইকেটে ১৮৯ রানেই থেমে যায় তাদের ইনিংস।
অস্ট্রেলিয়ার হয়ে অ্যারন হার্ডি দুটি উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচসেরা নির্বাচিত হন ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলা ম্যাট রেনশ।
এর আগে একমাত্র দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। তবে এবার সেই হিসাব পাল্টে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা।
আগামী ২১ জুন একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
কী-ওয়ার্ডস:
বাংলাদেশ-অস্ট্রেলিয়া,টি-টোয়েন্টি সিরিজ,ম্যাট রেনশ,সাইফ হাসান,চট্টগ্রাম ক্রিকেট