বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

মহেশখালীতে মোবাইল কোর্ট অভিযান দালালচক্র ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান,দুই ফার্মেসিকে জরিমানা!

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৬-০৬-১৭ ২১:৪৩:০০

মহেশখালী (কক্সবাজার) 
মহেশখালী  উপজেলা সদর স্বাস্থ্য  কমপ্লেক্স এলাকায় দালালচক্রের দৌরাত্ম্য ও বিভিন্ন ফার্মেসির অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 
বুধবার (১৭ জুন ২০২৬) বিকাল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।
অভিযান চলাকালে কয়েকটি ফার্মেসিতে তদারকি করে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ঔষধ সংরক্ষণ এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় দুইটি ফার্মেসিকে সর্বমোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু দালাল রোগীদের বিভ্রান্ত করে বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিতে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। পাশাপাশি কয়েকটি ওষুধের দোকানে নিয়মবহির্ভূতভাবে এন্টিবায়োটিক বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদের বিষয়েও অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সংশ্লিষ্ট ফার্মেসি মালিকদের ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানানো হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার বলেন, “জনস্বার্থে স্বাস্থ্যখাতে যেকোনো অনিয়ম ও দালালচক্রের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনগণের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।”
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

 


এ জাতীয় আরো খবর