সোমবার, জুন ১৫, ২০২৬

কুড়িগ্রাম জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টরের উদ্বোধন

  • আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ
  • ২০২৬-০৬-১৫ ১৫:৩০:৪৩

ফিফা বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে ঘিরে কুড়িগ্রাম জেলার ফুটবলপ্রেমীদের একসঙ্গে খেলা উপভোগের সুযোগ করে দিতে কুড়িগ্রাম জেলা টাউন ক্লাবে একটি আধুনিক ডিজিটাল প্রজেক্টরের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রজেক্টরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে ফুটবলপ্রেমী, ক্রীড়ামোদী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক ও সমাজসেবক ডা. মোঃ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম আবু হানিফ বিপ্লব, জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ মাসুদ রানা বাবু, শ্রমিক দল নেতা রিজন সরকার এবং আজিজুল হক।
বক্তারা বলেন, বিশ্বকাপ ফুটবল শুধু একটি খেলা নয়, এটি বিশ্বজুড়ে কোটি মানুষের আবেগের নাম। আধুনিক ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা কুড়িগ্রামের ফুটবলপ্রেমীদের জন্য নতুন মাত্রা যোগ করবে। এতে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং সামাজিক সম্প্রীতিও জোরদার হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় টাউন ক্লাবের সদস্যসহ বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।
ক্লাব কর্তৃপক্ষ জানান, বিশ্বকাপ চলাকালে প্রতিদিন গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বড় পর্দায় সম্প্রচার করা হবে এবং দর্শকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।


এ জাতীয় আরো খবর