বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে-কে নিয়ে করা মন্তব্যের ঘটনায় দায়ের হওয়া মানহানি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
রোববার দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার।
আদালত সূত্রে জানা গেছে, ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, তিনি টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে অভিহিত করেছিলেন।
মামলা গ্রহণের পর একই দিনে আদালত তাকে সমন জারি করে নির্ধারিত তারিখে হাজির হওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে ২১ এপ্রিল আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এরপরও আদালতের নির্দেশ অনুযায়ী হাজিরা না দেওয়ায় মামলার কার্যক্রম আরও এগিয়ে যায়। গত ১৭ মে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
দীর্ঘ সময় আদালতে অনুপস্থিত থাকার পর অবশেষে আত্মসমর্পণের মাধ্যমে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ায় অংশ নিলেন কুষ্টিয়া-৩ আসনের এই সংসদ সদস্য।
কী-শব্দ: মুফতি আমির হামজা,মানহানি মামলা,আদালতে আত্মসমর্পণ