সোমবার, জুন ১৫, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • পরিবর্তন
  • ২০২৬-০৬-১৪ ১২:৫৭:২৫

প্রতিদিনই ভোর হয় -- দিন আসে দিন যায় --
পরিবর্তন হয় সময়ের, ঋতু বৈচিত্র্যের,
জলবায়ুর পরিবর্তনে কখনো দাবদাহ, কখনো জলোচ্ছ্বাস
কখনো বা শীতের প্রকোপে অতিষ্ঠ জনজীবন।
ঋতুর পরিবর্তনে হয় মেঘবৃষ্টি,
পালাক্রমে চলে জোয়ারভাটা, বায়ুপ্রবাহ আরও কত কী !
সমাজ, রাষ্ট্র বদলে যায়, নিয়ম -কানুনে পরিবর্তন আসে,
পরিবর্তন আসে না অপরাধের, স্খলিত চরিত্রের
জাগে না বোধ বিবেকের।
ফিরে আসে না মনুষ্যত্ববোধ,জাগ্রত হয় না হারানো মানবতা,
ফিরে আসে না শ্রদ্ধেয় ব্যক্তির সম্মান, ব্যক্তিত্ব।
এইভাবে অন্ধকারে তলিয়ে যাচ্ছে প্রতিনিয়ত কত জীবন।
জ্যান্ত লাশ বানিয়ে আড়ালে মুখ লুকিয়ে কাঁদে সভ্যতা,
ধর্মের নামে অধর্ম, নষ্টামি, কলুষিত হচ্ছে সমাজ
বৃদ্ধ মা-বাবা পথে পথে ঘোরে একমুঠো ভাতের জন্য
একটু আশ্রয়ের জন্য।
সন্তানের অট্রালিকায় ঠাঁই হয় না তাদের !
আর কবে আসবে এসবের পরিবর্তন ?


এ জাতীয় আরো খবর