মহেশখালী (কক্সবাজার)
পরিবেশ সংরক্ষণ,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজায়ন কর্মসূচিকে বেগবান করতে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত“৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে মহেশখালী উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন, মহেশখালীর উদ্যোগে শনিবার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সরকারি প্রতিষ্ঠান, সড়কের পাশ এবং জনসমাগমপূর্ণ এলাকায় বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচির আওতায় ফলজ,বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়, যা ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেন- মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
তিনি উপজেলার বিভিন্ন স্থানে উপস্থিত থেকে নিজ হাতে গাছের চারা রোপণ করেন এবং সংশ্লিষ্টদের বৃক্ষরোপণ ও পরিচর্যার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় মহেশখালী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধান, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত কর্মকর্তারা বলেন,শুধু বৃক্ষরোপণ করলেই হবে না; রোপিত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এসব গাছ পরিবেশ ও জনজীবনের জন্য কার্যকর অবদান রাখতে পারে।
সহকারী কমিশনার(ভূমি) মোঃ আবু জাফর মজুমদার বলেন, “গাছ আমাদের পরিবেশের অন্যতম প্রধান রক্ষাকবচ। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং আগামী প্রজন্মের জন্য ১টি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের
কোনো বিকল্প নেই।
সরকারের এ মহতী উদ্যোগ বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।” তিনি আরও
বলেন, সরকারের ঘোষিত কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে মহেশখালী উপজেলায় ধারাবাহিক ভাবে বৃক্ষ রোপণ কার্যক্রম পরিচালিত হবে এবং রোপিত গাছের সুরক্ষা ও পরিচর্যার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
উল্লেখ্য, দেশব্যাপী পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি গ্রহণ করেছে।
এর আওতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মহেশখালী উপজেলায় অনুষ্ঠিত এ কর্মসূচি সেই জাতীয় উদ্যোগেরই একটি অংশ।