শনিবার, জুন ১৩, ২০২৬

প্রস্তাবিত বাজেটে কাঙ্ক্ষিত অর্থনৈতিক পরিবর্তনের সুযোগ নেই: নাহিদ ইসলাম

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-১২ ২০:৪৬:৪২
ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের প্রস্তাবিত নতুন বাজেটে অর্থনীতির মৌলিক সমস্যাগুলোর সমাধানে কার্যকর সংস্কারের প্রতিফলন দেখা যাচ্ছে না। তার মতে, বিদ্যমান কাঠামো বজায় রেখে উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা বাস্তবায়ন নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আগামী অর্থবছরের জন্য প্রায় ৬ লাখ ৯০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু দেশের অতীত অভিজ্ঞতা বিবেচনায় এ ধরনের লক্ষ্যমাত্রা অর্জন অত্যন্ত কঠিন। বর্তমান কর ব্যবস্থার আওতায় এত বড় রাজস্ব সংগ্রহ বাস্তবসম্মত নয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, বাজেটকে উচ্চাভিলাষী বলা গেলেও এতে অর্থনীতিকে নতুন পথে এগিয়ে নেওয়ার মতো বড় কোনো সংস্কারমূলক উদ্যোগের প্রতিফলন নেই। অর্থনৈতিক ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত পরিবর্তনের আশা থাকলেও প্রস্তাবিত কাঠামোতে তার স্পষ্ট দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে না।
তবে বাজেটের কয়েকটি দিককে ইতিবাচক হিসেবেও উল্লেখ করেন তিনি। তার মতে, কিছু পণ্যে কর কমানো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অতিরিক্ত অর্থ বরাদ্দের উদ্যোগ প্রশংসনীয়। তবে এসব পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হবে, সেটিই এখন বড় প্রশ্ন।
সাম্প্রতিক বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, স্বল্প সময়ের ব্যবধানে এ ধরনের মূল্য সমন্বয় সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। বাজারে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলার দাবিতে তাদের রাজনৈতিক জোট দেশের বিভিন্ন বিভাগে কর্মসূচি পালন করছে বলেও জানান তিনি।
বাজেটে সুশাসন ও জবাবদিহিতার বিষয়টি পর্যাপ্ত গুরুত্ব পায়নি বলেও মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা। তিনি বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ, ঋণখেলাপি রোধ এবং সরকারি অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট ও কার্যকর পদক্ষেপের কথা বাজেটে উল্লেখ নেই।
তার ভাষ্য, বড় অঙ্কের বাজেটের সঙ্গে অপচয় ও অনিয়মের ঝুঁকিও বাড়ে। তাই বরাদ্দের পাশাপাশি অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

কী-শব্দ: নাহিদ ইসলাম, জাতীয় বাজেট, অর্থনৈতিক সংস্কার


এ জাতীয় আরো খবর