সোমবার, জুন ১৫, ২০২৬

তামাকপণ্যে করের চাপ বাড়ছে,সিগারেটের সব স্তরেই মূল্যবৃদ্ধির প্রস্তাব

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-১১ ০৯:৪৪:৫৮

তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং সরকারের রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিগারেটের দাম বৃদ্ধিসহ একাধিক নতুন কর ব্যবস্থা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নিকোটিন পাউচ, উত্তপ্ত তামাকজাত পণ্য এবং দেশীয়ভাবে উৎপাদিত মদের ওপরও নতুন শুল্ক ও কর আরোপের প্রস্তাব রাখা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব প্রস্তাব তুলে ধরবেন।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, নিম্নস্তরের ১০ শলাকার সিগারেটের প্যাকেটের মূল্য ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হবে। মধ্যম স্তরের সিগারেটের দাম ৮০ টাকা থেকে ৯০ টাকা এবং উচ্চস্তরের সিগারেটের মূল্য ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা নির্ধারণের পরিকল্পনা রয়েছে।
সবচেয়ে বড় মূল্যবৃদ্ধি আসছে অতি উচ্চস্তরের সিগারেটের ক্ষেত্রে। এ শ্রেণির ১০ শলাকার প্যাকেটের দাম বর্তমান ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এবারের বাজেটে প্রথমবারের মতো নিকোটিন পাউচের জন্য পৃথক মূল্য ও কর কাঠামো নির্ধারণ করা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, প্রতি ১০ গ্রাম নিকোটিন পাউচের সর্বোচ্চ খুচরা মূল্য ৫০০ টাকা নির্ধারণ করা হবে। এর ওপর ৪০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের পাশাপাশি আমদানির ক্ষেত্রে ৩৫০ শতাংশ শুল্ক নির্ধারণের কথাও বলা হয়েছে।
উত্তপ্ত তামাকজাত পণ্যের ক্ষেত্রেও করের বোঝা বাড়ানো হচ্ছে। প্রতি ১০ শলাকার প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য ২১০ টাকা নির্ধারণ করে তার ওপর ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে।
জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে নিকোটিন পাউচ ও উত্তপ্ত তামাকজাত পণ্যের ওপর অতিরিক্ত ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ আরোপের পরিকল্পনাও রয়েছে।
অন্যদিকে, দেশীয়ভাবে উৎপাদিত মদের ওপরও নতুন কর আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে উৎপাদন পর্যায়ে প্রতি লিটার মদের জন্য ৫০০ টাকা হারে সম্পূরক শুল্ক নির্ধারণ করা হতে পারে।
সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ধূমপান ও অন্যান্য তামাকজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য উল্লেখযোগ্য ঝুঁকি সৃষ্টি করছে। এ কারণে এসব পণ্যের মূল্য ও কর বৃদ্ধি করে একদিকে যেমন ব্যবহার নিরুৎসাহিত করা হবে, অন্যদিকে রাষ্ট্রের রাজস্ব আয়ও বাড়ানো সম্ভব হবে।

কী-শব্দ: তামাকপণ্য,সিগারেটের দাম,বাজেট


এ জাতীয় আরো খবর