শনিবার, জুন ৬, ২০২৬

নি লু ফা র জে স মী ন রু মা

  • মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে
  • ২০২৬-০৬-০৬ ১০:৫২:০২

সূর্যের প্রখর তাপ যেমন শুষে নেয় সমুদ্রের নোনাজল 
তেমনি বৃষ্টির ফোঁটাও সিক্ত করে শুষ্ক মাটি!
এই পৃথিবীর সবকিছুরই ভিন্ন ভিন্ন ঐশ্বর্য আছে 
আবার রিক্ততাও আছে। 
আছে পূর্ণিমা রাতে খরস্রোতা নদীর শান্ত জলে 
ভরা জ্যোস্নার প্রগলভা প্রেমের 
ঐকান্তিক আবেদন!
মনপ্রাণ উচ্ছল থাকলে বয়স কোনো ফ্যাক্টর না
চল্লিশ, পঞ্চাশ কিংবা ষাট পেরুনোর পরেও মানুষ 
আবার নতুন করে নিজেকে চিনতে পারে, 
জানতে পারে তার জন্য সঠিক কি প্রয়োজন?
নিজের ভিতর জমিয়ে রাখা অনুভূতিগুলোকে নতুন 
করে আবিষ্কার করতে পারে ভিন্ন মাত্রায়!
মানুষ হেঁটে যেতে- 
যেতে প্রবল চাপ ও তাপে যখন ক্লান্ত হয় 
তখন সে উপলব্ধি করে কোন পথ তার জন্য কতোটা 
শান্তির?
যেমন শান্তি এক পশলা বৃষ্টিতে।

একাকীত্বের জীবন মানুষকে হতাশা, প্রবঞ্চনা, আক্রোশ 
ও ব্যথার আগুনে জ্বলে ছাই হওয়া ছাড়া আর কিছুই 
দিতে পারে না;
তবুও কোনো কোনো মানুষ একলা একা বাঁচে, আবার 
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ মানুষকে ভালোবেসে 
যে তৃপ্তি অনুভব করে সেটা তার নিজের জন্য।

এমনকি কেউ বুকভরা যে আকন্ঠ প্রেম জমিয়ে রাখে
সেও তার নিজেরই ভালো থাকার আকাঙ্ক্ষায়!
গাছের ফুলও গন্ধ বিলায় ঝরে যেতে যেতে...
পৃথিবীর ধূলো ধোঁয়ায় বেড়ে উঠা মানুষ বারবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 
পুনরায় বেঁচে ফিরতে চায়
শুধু একবার বাঁচার মতো বাঁচতে সাধ হয় ব'লে।
 


এ জাতীয় আরো খবর