রবিবার, মে ৩১, ২০২৬

মহাসড়কে বাসের ধাক্কা: নেত্রকোনায় মা ও দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু

  • নেত্রকোনা প্রতিনিধি
  • ২০২৬-০৫-৩১ ২১:০৮:০৬
ছবি: সংগৃহীত।

নেত্রকোনার চল্লিশা বাইপাস মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারী ও তার দুই কন্যাসন্তানের প্রাণহানির ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের নুরজাহান (৫০), তার মেয়ে স্মৃতি আক্তার (১৮) এবং ইতি আক্তার (১৫)। দুর্ঘটনায় নুরজাহানের স্বামী আইনুল হকসহ আরও পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের নিয়ে বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশাযোগে রওনা হন নুরজাহান। পথিমধ্যে চল্লিশা বাইপাস মোড়ে পৌঁছালে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি লোকাল বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই নুরজাহান ও তার বড় মেয়ে স্মৃতি আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ছোট মেয়ে ইতি আক্তারকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে অটোরিকশাচালক রেহান মিয়াসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে চল্লিশা বাইপাস মোড়ে গোলচত্বর ও গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা নির্মাণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কী-ওয়ার্ডস: সড়ক দুর্ঘটনা,নেত্রকোনা,মা-মেয়ের মৃত্যু

 


এ জাতীয় আরো খবর