যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের পঙ্গু ও প্যারালাইজড মোঃ রজব আলীর চলাফেরার সুবিধার্থে হুইলচেয়ার প্রদান করলো একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার (২৫ মে) বিকেলে সংগঠনের সদস্যরা স্বশরীরে উপস্থিত থেকে মৃত নাছের মন্ডলের ছেলে মোঃ রজব আলীকে এই হুইলচেয়ার তুলে দেন।
জানা যায়, দীর্ঘ প্রায় এক বছর ধরে প্যারালাইজড হয়ে শয্যাশায়ী রয়েছেন মোঃ রজব আলী। দীর্ঘদিন বিছানায় পড়ে থাকার কারণে তার হাতে-পায়ে ঘা সৃষ্টি হয়েছে। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে একটি হুইলচেয়ার কেনা সম্ভব হচ্ছিল না। পরে চলাফেরার সুবিধার্থে সংগঠনের সদস্য মোঃ ইসরাফিলের মাধ্যমে ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে একটি হুইলচেয়ারের আবেদন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, সিঙ্গাপুর প্রবাসী মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে এবং সকল সদস্যের আন্তরিক সহযোগিতায় হুইলচেয়ারটি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আলী রেজা রাজু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান, মোঃ আকরাম হোসেন, জগদীশপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ শাকিল আহমেদ, মোঃ আহমেদ সুমন, দীপ্ত বিশ্বাস, মোঃ আছির উদ্দিন, মোঃ সোহাগ হোসেন, মোঃ রশিদুল ইসলাম, মোঃ আরিফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠন মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের সদস্যরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবসেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে তারা বদ্ধপরিকর। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য।