পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার থেকে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। আগামী ৩১ মে পর্যন্ত ছুটি কাটিয়ে ১ জুন থেকে পুনরায় সরকারি অফিস খুলবে। দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন লাখো মানুষ। বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে দেখা গেছে ঘরমুখো মানুষের বাড়তি চাপ।
আগামী বৃহস্পতিবার ২৮ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার প্রথমে ছয় দিনের ছুটি নির্ধারণ করেছিল। তবে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পরে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানো হয়। ফলে সরকারি চাকরিজীবীরা এবার টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ২৮ মে ঈদের সাধারণ ছুটি যুক্ত হয়ে মোট ছয় দিনের ছুটি নির্ধারিত হয়। পরে গত ৭ মে মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে ২৩ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এর ধারাবাহিকতায় জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৪ মে প্রজ্ঞাপন জারি করে সাত দিনের ছুটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।
গতকাল রোববার ছিল সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। অনেকেই অফিস শেষ করেই গ্রামের পথে রওনা হয়েছেন। তবে আজ থেকেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ঢাকা ছাড়ছেন বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, যানবাহন তদারকি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
কী-ওয়ার্ড: ঈদছুটি,ঘরমুখোযাত্রা,সরকারি অফিস