আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানবাধিকার সংগঠন অধিকার-এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে গুমের শিকার ব্যক্তিদের দ্রুত সন্ধান, ন্যায়বিচার নিশ্চিতকরণ, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে গুম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, দেশে দীর্ঘদিন ধরে গুমের ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রে এখনো কোনো বিচার হয়নি। ফলে ভুক্তভোগী পরিবারগুলো চরম অনিশ্চয়তা ও মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে।
কর্মসূচিতে গুমের শিকার জনির পরিবারের পক্ষ থেকে তার পিতা আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, দীর্ঘ ১০ বছর ধরে ছেলের কোনো খোঁজ না পেয়ে তারা অসহায় হয়ে পড়েছেন এবং এখনো জানেন না তিনি জীবিত নাকি মৃত।
মানববন্ধনে সভাপতিত্ব করেন অধিকার সাতক্ষীরা জেলা সমন্বয়ক সাংবাদিক মুজাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন মানবাধিকার কর্মী সাংবাদিক ফিরোজ হোসেন। এতে বক্তব্য রাখেন সাংবাদিক কামরুল ইসলাম, শাহজাহান আলী মিটন, মানবাধিকার কর্মী হাফিজুর রহমানসহ অন্যান্যরা।
বক্তারা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে নিখোঁজ ঘটনাগুলোর প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান। একইসঙ্গে গুম প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন ও ভুক্তভোগী পরিবারের অধিকার নিশ্চিত করার দাবি তোলেন।
মানববন্ধন থেকে সরকারের কাছে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—গুম প্রতিরোধ আইন প্রণয়ন, নিখোঁজ ব্যক্তিদের পরিবারের আর্থিক ও সম্পত্তিগত অধিকার নিশ্চিত করা, বিদেশে আটক ব্যক্তিদের বিষয়ে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা নিখোঁজদের সন্ধান ও ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে সাংবাদিক, মানবাধিকার কর্মী, নিখোঁজ ব্যক্তিদের স্বজন ও সাধারণ মানুষ অংশ নেন।