রবিবার, মে ১০, ২০২৬

স ঙ্গী তা ক র

  • 'এই করেছো ভালো নিঠুর হে'
  • ২০২৬-০৫-১০ ১৩:০৩:৪৮

বিচ্ছেদ হয়ে গেছে আমাদের 
তবু বার বার মনে পড়ে তোমাকে 
খুব কথা বলতে ইচ্ছে করে 
এই কদিনের জমানো কথা বলার জন্য মাঝেমধ্যে ফোন অথবা মেসেজ করতে চেয়েছি 
বাধা হয়ে দাঁড়িয়েছে অবহেলা, 
না, না আমি কিছুতেই আর তোমার বিরক্তির কারণ হবো না 
ইগো, অভিমান আমারও আছে  
কিছুতেই ওই চোখের সামনে দাঁড়াতে পারবো না!
গ্যালারি খুঁজে ছবি বের করলাম 
নিঃশব্দ রাত্রির মধ্যভূমিতে ছবি আর আমি মুখোমুখি 
মনের সব কথা ঝর্ণার মতো ঝরিয়ে দিচ্ছি 
প্রজাপতি হয়ে ডানা মেলছি
ছবি দেখে ভালোবাসার কথা বলতে ভীষণ ভালো লাগছে
না বলতে পারা কথাগুলো অনায়াসে বলে যাচ্ছি
ছুঁয়ে যাচ্ছি তোমার ঠোঁট, চিবুক, গলা 
অভিমান হলে নাক ফুলিয়ে বলছি যাও আর কথা বলবো না
মনের সবটুকু ইচ্ছে মিশিয়ে নিজের মতো করে ভালোবাসছি,
কই কাছে থাকতে তো এভাবে ভালোবাসতে পারিনি 
হারিয়ে ফেলার ভয়ে বুকে সুনামি হতো যখন তখন 
অদেখার বিরহবানে জর্জরিত হয়ে শরশয্যায় থেকেছি কতদিন 
এখন মুক্ত আমি হারানোর ভয় নেই, 
বাঁধভাঙা প্রেমের সবটুকু তোমাকে উৎসর্গ করছি অনায়াসে।

হৃদয় তছনছ করা ঝড় নেই
অবজ্ঞা, অপমান নেই!
শান্ত বেলাভূমিতে বসে আপন মনে গাইতে ইচ্ছে করছে
"তুমি এই করেছো ভালো নিঠুর হে"
ক্রমশ রাতের অন্ধকার কেটে ভোরের আলো ফুটলো 
পাখি ডাকলো
বুঝলাম ভালোবাসা বেঁচে আছে অনেক বেশি গভীরতায়
বেঁচে আছে একতরফা হৃদয়ের একান্ত আকুলতায়।


এ জাতীয় আরো খবর