তোমাকে হারিয়ে ফেলেছি আমি,
নিজের চেয়েও নামি হীরার আংটি,
বেদনায় নীল তুমি প্রাণবায়ু মধ্যচ্ছদা নও,
অনামিকার মাপের চাইতেও দামি আমার প্রেম,
হাজার বছরের ফিরে দেখা বাংলার আকাশ;
শোভনা নও--আমার অলঙ্কার তুমি,
তাই তো আমি বারবার ছুটে আসি,
চিরকুট হাতে দিয়ে দাঁড়িয়ে যাই,
শোভনা আসে নাই,
হোস্টেলের দারোয়ান জানায়:
আজ দিদির শরীর ভালো নাই মশাই!
তুচ্ছ ঘর-গেরস্থালি ট্রামের চাকায়,
সবুজ ধানের ক্ষেতে বাতাস নেচে যায়,
তুমিও কী তাই দূরবর্তী হুইসেল!
আমাকে নাচাও দিনরাত বুকের জমিন?
মেঘনার জল ছুঁয়েছে আকাশের বিস্তার,
আষাঢ়িয়া মেঘ দিনমান গরজায়,
সর্বনাশা পদ্মায় তুমুল-তুফান ঢেউ,
মুন্সিগঞ্জের বুকে ঝিরিঝিরি বৃষ্টি,
তুমি কানে কানেই বোলো না হয় সন্ধ্যায়!
বিক্রমপুইর্যা আমি ছাড়া,
তোমাকে দেখতে আসার আছে কী আর কেউ?