মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

বাসভাড়া সমন্বয়ে স্বস্তির বার্তা,কার্যকর বাস্তবায়নের আহ্বান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৪-২৬ ১৩:৩৬:১১

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে কিলোমিটারপ্রতি মাত্র ১১ পয়সা বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্তকে সময়োপযোগী ও বাস্তবসম্মত পদক্ষেপ বলে উল্লেখ করেছেন নিরাপদ সড়ক চাই-এর সাবেক মহাসচিব ও বর্তমান ভাইস-চেয়ারম্যান এস এম আজাদ হোসেন। এক বার্তায় তিনি বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে একদিকে পরিবহন খাতের ব্যয়ভার কিছুটা সামঞ্জস্য করা হয়েছে, অন্যদিকে যাত্রীদের ওপর অতিরিক্ত চাপও তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত রাখা হয়েছে।
বার্তায় তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর এই উদ্যোগ বর্তমান প্রেক্ষাপটে প্রশংসনীয়। সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় পরিবহন খাতে ভাড়া বাড়ানোর চাপ তৈরি হলেও, সীমিত পরিসরে ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তি এনে দেবে বলে মনে করা হচ্ছে।
বিশেষ করে কিলোমিটারপ্রতি মাত্র ১১ পয়সা বৃদ্ধির ফলে যাত্রীদের দৈনন্দিন যাতায়াতে বড় ধরনের আর্থিক চাপ তৈরি হবে না। বরং এটি পরিবহন মালিক ও যাত্রী-উভয় পক্ষের স্বার্থের মধ্যে একটি ভারসাম্য তৈরি করতে সহায়ক হবে। দীর্ঘদিন ধরে যাত্রীদের অভিযোগ ছিল অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ভাড়া আদায় নিয়ে। নতুন নির্ধারিত হার কঠোরভাবে বাস্তবায়ন করা গেলে এই ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
তবে শুধু ভাড়া নির্ধারণ করাই যথেষ্ট নয়,এর কার্যকর বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে বার্তায় উল্লেখ করেছেন তিনি। মাঠপর্যায়ে নিয়মিত তদারকি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং যাত্রীদের সচেতনতা বৃদ্ধি ছাড়া এই উদ্যোগ কাঙ্ক্ষিত সুফল দেবে না। অনেক ক্ষেত্রে দেখা যায়, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করা হয়,যা যাত্রীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
এই প্রেক্ষাপটে বিআরটিএসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়ে তিনি বলেন-নতুন ভাড়ার তালিকা কঠোরভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে আইন প্রয়োগের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
সার্বিকভাবে বলা যায়, বাসভাড়া সমন্বয়ের এই সিদ্ধান্ত একটি ইতিবাচক পদক্ষেপ। এটি সঠিকভাবে বাস্তবায়িত হলে যাত্রী ভোগান্তি কমবে এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে- এমনটাই প্রত্যাশা করেছেন তিনি।
বার্তায় তিনি সিএনজি থ্রি হুইলার ও মহেন্দ্রের ভাড়া নির্ধারণের আহবানও জানিয়েছেন।তিনি বলেন,খুলনা-ফুলতলা রুটে সিএনজি থ্রি হুইলার ও মহেন্দ্রের ভাড়া তাদের সমিতি ইচ্ছেমত বৃদ্ধি করেছে এতে স্বল্প দুরত্বের যাত্রীরা চরম ভোগান্তির স্বীকার হচ্ছে। 

 


এ জাতীয় আরো খবর