বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

পশ্চিমা প্রতিশ্রুতিতে ‘ফাঁদে’ ইরান, আলোচনায় অগ্রগতি নেই: ল্যাভরভ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৪-২২ ০৭:২৮:০২
ছবি: সংগৃহীত।

পশ্চিমা দেশগুলোর দেওয়া প্রতিশ্রুতি ও চুক্তির জটিলতায় ইরান বর্তমানে কঠিন পরিস্থিতির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন সের্গেই ল্যাভরভ। রুশ বার্তা সংস্থা তাস-এর বরাতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনায় বাস্তব অগ্রগতির চেয়ে হুমকি ও আশ্বাসই বেশি দেখা যাচ্ছে।
ল্যাভরভের ভাষ্য অনুযায়ী, তেহরান মনে করছে তারা পশ্চিমাদের ‘মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে’ আটকা পড়েছে। বিশেষ করে ২০১৫ সালের জেসিপিওএ বা পরমাণু চুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই চুক্তিতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
২০১৫ সালে বারাক ওবামা প্রশাসনের সময় স্বাক্ষরিত এই চুক্তিতে ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে অর্থনৈতিক অবরোধ শিথিলের আশ্বাস পায়। তবে পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একতরফাভাবে চুক্তি থেকে সরে দাঁড়ালে পরিস্থিতি নতুন করে জটিল হয়ে ওঠে।
বর্তমান পরিস্থিতি নিয়ে ল্যাভরভ বলেন, পাকিস্তানসহ আঞ্চলিক প্রেক্ষাপট অত্যন্ত পরিবর্তনশীল এবং স্বল্প সময়ের মধ্যেই পরিস্থিতির মোড় ঘুরতে পারে।
তবে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবেই দেখছে রাশিয়া। ল্যাভরভ বলেন, যদি আলোচনার মাধ্যমে আবারও ২০১৫ সালের মতো কার্যকর কোনো চুক্তিতে পৌঁছানো যায়, তবে তা আন্তর্জাতিক রাজনীতিতে বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে।

কী-ওয়ার্ড:ইরান যুক্তরাষ্ট্র আলোচনা,ল্যাভরভ মন্তব্য,জেসিপিওএ চুক্তি


এ জাতীয় আরো খবর