মঙ্গলবার মহাসড়কের চান্দিনা উপজেলার হাঢ়িখোলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে মোটরসাইকেল বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে যায়। এ ঘটনায় দুই পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০জন। নিহতরা হলেন, চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামের মৃত মমতাজ খলিফার ছেলে আলমগীর হোসেন (৩৮), হাড়িখোলা বেদে পল্লীর আদম আলীর ছেলে বাহরাম মিয়া (৬০) ও হাসপাতালে নেয়ার পথে মারা যান জেলার দেবিদ্বার উপজেলার কুরছাপ গ্রামের ফজলুল হকের ছেলে মোটরসাইকেল আরোহী আবুল কালাম (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী লেনে যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস হাড়িখোলা মাজার এলাকায় গিয়ে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথযাত্রী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহীসহ বাস যাত্রীরা।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট (এসআই) নাজমূল হুদা বলেন, আলমগীরের মরদেহ ফাঁড়িতে নিয়েছি। এদিকে দুর্ঘটনাটি বেদে পল্লীর পাশে হওয়ায় বাহরাম মিয়ার মরদেহ তারা বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলের এক আরোহীকে আশঙ্কাজন অবস্থা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা গেছেন বলে শুনেছি।