আসন্ন ২০২৬ সালের হজ মৌসুমকে সুশৃঙ্খল ও নির্বিঘ্ন রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। অননুমোদিতভাবে হজ পালন এবং এতে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আন্তর্জাতিক গণমাধ্যম The Economic Times ও Gulf News-এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী নিয়ম ভঙ্গকারীদের সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। এই বিধান ১৮ এপ্রিল থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকবে।
নতুন নিয়ম অনুযায়ী, বৈধ হজ পারমিট ছাড়া হজ পালনের চেষ্টা করলে কিংবা মক্কা ও আশপাশের পবিত্র এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ বা অবস্থান করলে সর্বোচ্চ ২০ হাজার রিয়াল জরিমানা করা হবে। একই নিয়ম ভিজিট ভিসাধারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যদি তারা নির্ধারিত শর্ত লঙ্ঘন করেন।
এছাড়া অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং ভবিষ্যতে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
অন্যদিকে, অবৈধভাবে হজ পালনে সহায়তাকারীদের জন্য আরও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। ভিসা, পরিবহন, আবাসনসহ যেকোনো ধরনের সহায়তা দিলে সর্বোচ্চ ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। একাধিক ব্যক্তিকে সহায়তা করলে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশে হাজিদের নিরাপত্তা, শৃঙ্খলা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সকলকে সরকারি নিয়ম মেনে হজ পালনের আহ্বান জানানো হয়েছে।
কী-ওয়ার্ডস:
হজ নিয়ম,সৌদি জরিমানা,অবৈধ হজ