বছর শেষের বিষাদ বেলায়
কেমন করে কাঁদছে আকাশ,
অস্তরাগের ধূসর স্মৃতির অচিন ধুলোয়
কেমন করে বইছে নদী?
অতলে তার কোন সে জলের নিরবধি
বৃক্ষ চূড়ার অশোক সুবাস
চোখের জলে কে ভেজালো
এই অনিমেষ চোখের পাতায়,
প্রহরশেষের সব হারানোর ক্লান্ত বাতাস
দুর বহতায় কি যে হারায়,
দীর্ঘশ্বাসের জানালা ঘেরা
হৃদয় নীড়ে কে যেন আজ
চিরকালীন বসত খোঁজে
দুঃখী চোখে,
বছর শেষের একটা আকাশ একটা নদী
একটা অনেক পুরোনো বটগাছ
কোথায় হারায়?
এক জীবনের বছর ধোয়া জলের অবশেষ,
চিহ্ন মিলায় অথৈ জলের কোন ঠিকানায়?