নতুন বছর? ও নতুন বছর? শুনছো আমার কথা?
পৃথিবী জুড়ে রুখে দিও সব মনকেমনের ব্যাথা।
গত শতকের কালোছায়া ভুলে জীবনকে দিও আলো।
এখানে মানুষ প্রীতি আয়ু চায় প্রকৃতিকে ডেকে বোলো।
আমি 'পৃথিবী', তোমাকে বলছি- এসো হে নতুন বছর।
আজ থেকে খুউব পয়মণ্ত হোক- তোমার নতুন সফর।
তোমার সাথে আসে যেন সব 'সুখ'দের কারিগর
খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরীব দুখীর ঘর।
ধর্ম অধর্ম যে যাই বলুক, সকল ধর্ম রেখো।
কেউ মসজিদে নামাজ পড়বে, কেউ হবে প্রসাদখেকো।
লালসা হিংসা যত আছে সব গঙ্গার জলে ডুবিও।
নতুন বছর, ধর্ষণ খুনের গুমঘরে তালা ঝুলিও।
নতুন বছর, শুখামুখে তুমি পেটভরা ভাত দিও।
ঘরে দোর দেওয়া আত্মহত্যাকে বাঁচতে ও বাঁচাতে শিখিও।
নতুন বছর, বন্ধুতা দিও, দিওবা দরাজ দিল।
মতোবিরোধ হয়েছিল যাদের, তাদের হোক অন্ত্যমিল।
দাম না পাওয়া ফসল যেন, ফলিও না কক্ষনো।
না মরে যারা মরে মরে থাকে, তাদের কিন্তু বাঁচিও।
স্বপ্ন লেখার মনের খাতায় সফলতা ভরে দিও।
মানুষ যতো সুখ পেতে চায়, তারচেয়ে বেশি দিও।
পাশে থাকা কোনো অন্ধজনের হাতটা হাতে নিও।
তার মন থেকে হতাশা নিয়ে, হাতে স্বপ্ন দিও।
ছলনাকারীর মুখোশগুলো এ বছরে টেনে খুলো।
তোমার হাতেই বন্দি কোরো ঝুটমুট প্রেমগুলো।
এ মাটির বুকে সবখানেতেই সতের আবাস রেখো।
সকলের আয়ু দীর্ঘায়ু করে বিনিসুতোয় গেঁথো।
মানুষে মানুষে খুনসুটি দিও সেবী মন দিও কিছু।
স্বেচ্ছাচারীতা যেন ফিরে যায় স্বেচ্ছাসেবীর পিছু।
'যেখানেই রাত সেখানেই কাত' হয় যে মানুষগুলো।
তাদের কিন্তু গড়ে দিও- এক একটি চালচুলো।
গোলি মারে গোলি খায় যারা দিনে অথবা রাতে।
আগে থেকে তাদের ভিড়িয়ে দিও বাউলের আখড়াতে।
যার জীবনে কালোছায়া হয় জীবনের জলছবি।
সাবধানী চালে তাকে বোলো হতে- নবী অথবা কবি।
এ ধরার মানুষ খুশি হতে চায়, নতুন বর্ষফলে।
ও নতুন বছর, কথা দাও তবে- পুরো ষোলোআনা উসুলে।