মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

একদিনেই ১২ বিল পাস: অধ্যাদেশ বহাল ও রহিত-দ্বিমুখী আইন সংস্কারে সংসদের বড় পদক্ষেপ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৪-০৯ ১৫:২৩:৩৫
ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে একদিনেই ১২টি গুরুত্বপূর্ণ বিল পাসের মাধ্যমে আইন সংস্কারে বড় অগ্রগতি অর্জন হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত অধিবেশনের ১২তম দিনে এসব বিল কণ্ঠভোটে গৃহীত হয়।
এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়েছে। পাশাপাশি কয়েকটি অধ্যাদেশ রহিত করে নতুন আইন প্রণয়ন বা পূর্ববর্তী আইন পুনঃপ্রচলনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংসদ সূত্রে জানা গেছে, যেসব বিল অধ্যাদেশের ধারাবাহিকতায় অপরিবর্তিতভাবে পাস হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে-জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) বিল, বাংলাদেশ এনার্জি নিয়ন্ত্রণ কমিশন (সংশোধন) বিল, সরকারি ক্রয় (সংশোধন) বিল, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল, বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল, আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল এবং ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল।
অন্যদিকে, বিচার বিভাগ সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ রহিত করে পৃথক দুটি বিল পাস করা হয়েছে। এগুলো হলো-সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল।
এছাড়া মানবাধিকার খাতে বড় পরিবর্তন এনে ‘জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ বাতিল করে পুনরায় ২০০৯ সালের আইন কার্যকর করতে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ পাস করা হয়েছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বিলগুলো সংসদে উত্থাপন করেন এবং কণ্ঠভোটে সেগুলো গৃহীত হয়।
বিশ্লেষকদের মতে, একই দিনে বিপুল সংখ্যক বিল পাসের এই উদ্যোগ দেশের আইন কাঠামোকে যুগোপযোগী ও সমন্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কী-ওয়ার্ড: সংসদ বিল,আইন সংস্কার,অধ্যাদেশ


এ জাতীয় আরো খবর