বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

পয়লা বৈশাখে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা: জনসমাগম মাথায় রেখে ডিএমপির বিশেষ প্রস্তুতি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৪-০৮ ২৩:০৬:৪৭
ফাইল ছবি

বাংলা নববর্ষ ১৪৩৩ ও পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে এবার উৎসব ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থাপনা পরিকল্পনা।
বুধবার (৮ এপ্রিল) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে (ভারপ্রাপ্ত) কমিশনার মোঃ সারোয়ার এ তথ্য জানান।
তিনি বলেন, পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। প্রতি বছরের মতো এবারও রাজধানীর বিভিন্ন স্থানে নানা আয়োজন থাকবে। তবে এবছর সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বেশি হবে বলে আশা করা হচ্ছে। জনগণের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থার প্রতিফলনই এই বাড়তি উপস্থিতিতে দেখা যাবে।
তিনি আরও বলেন, বাড়তি জনসমাগম বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গোয়েন্দা সংস্থা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে একটি সমন্বিত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পাশাপাশি, নাগরিকদের ভোগান্তি কমাতে সুপরিকল্পিত যান চলাচল ব্যবস্থাও বাস্তবায়ন করা হচ্ছে।
সভায় জানানো হয়, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নির্বিঘ্ন চলাচল বজায় রাখাই সংশ্লিষ্ট সব সংস্থার প্রধান লক্ষ্য।
সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা,পুলিশের বিশেষায়িত ইউনিট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়,ছায়ানট এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

কী-ওয়ার্ড: পয়লা বৈশাখ নিরাপত্তা,ডিএমপি প্রস্তুতি,রাজধানী উৎসব


এ জাতীয় আরো খবর